কলকাতা নাইট রাইডার্সের দল। ছবি: রয়টার্স।
আইপিএলে আরও একটি লজ্জার নজির গড়ে ফেললেন অজিঙ্ক রাহানেরা। শুভমন গিলের গুজরাত টাইটান্সের কাছে শুক্রবার ৫ উইকেটে হারের সঙ্গেই নতুন একটি নজির গড়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
এ বারের আইপিএলে ছ’টি ম্যাচের পরও জয়ের দেখা পেল না কেকেআর শিবির। শুধু তাই নয়, লখনউ সুপার জায়ান্টস ম্যাচ ছাড়া জয়ের সম্ভাবনাও তৈরি করতে পারেননি রাহানেরা। গুজরাতের কাছেও হারায় আইপিএলের ইতিহাসে পঞ্চম দল হিসাবে কোনও মরসুমের প্রথম ছ’টি ম্যাচেই জয়হীন থাকল কেকেআর।
প্রথম দল হিসাবে লজ্জার এই নজির গড়েছিল ডেকান চার্জার্স (তৎকালীন নাম)। তারা ২০১২ সালের আইপিএলের প্রথম ছ’টি ম্যাচ জিততে পারেনি। দ্বিতীয় দল হিসাবে ২০১৩ সালে দিল্লি ডেয়ারডেভিলস (তৎকালীন নাম) মরসুমের প্রথম ছ’টি ম্যাচে জয় পায়নি। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও একই লজ্জার মুখোমুখি হতে হয়েছিল। ২০২২ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স প্রথম ছ’টি ম্যাচ জিততে পারেনি। পঞ্চম দল হিসাবে এই তালিকায় নাম উঠল তিন বারের চ্যাম্পিয়ন কেকেআরের।
ইডেন গার্ডেন্সের পঞ্জাব কিংস ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট পান রাহানেরা। বাকি পাঁচটি ম্যাচেই হেরেছেন রাহানেরা। ফলে মরসুমের প্রথম ছ’টি ম্যাচে জয় পেলেন না তাঁরা। পয়েন্ট তালিকায় ১০ নম্বরে রয়েছে শাহরুখের দল।