India vs South Africa

দু’মাস দূরে বিশ্বকাপ, তার আগে প্রস্তুতিতে ধাক্কা হরমনপ্রীতদের, দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে হার

ডারবানের ২২ গজে প্রথম ব্যাট করার সুযোগ কাজে লাগাতে পারেনি ভারতের মহিলা ক্রিকেট দল। এক দিনের বিশ্বজয়ীদের বেশ সাধারণ মনে হয়েছে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ়ের প্রথম ম্যাচে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১০:৫১
picture of cricket

(বাঁ দিকে) লরা উলভার্ট এবং হরমনপ্রীত কৌর (ডান দিকে)। —ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচে ৬ উইকেটে হেরে গেলেন হরমনপ্রীত কৌরেরা। প্রথমে ব্যাট করে ভারতের মহিলারা করেন ৭ উইকেটে ১৫৭ রান। জবাবে ১৯.১ ওভারে ৪ উইকেটে ১৫৮ দক্ষিণ আফ্রিকার মহিলা দলের। পাঁচ ম্যাচের সিরিজ়ে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল ভারত।

Advertisement

এক দিনের ক্রিকেটে বিশ্বজয়ীদের টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচে বেশ সাধারণ দেখাল। ভারতীয় দলের ব্যাটিং প্রত্যাশার মান ছুঁতে পারল না। রান পেলেন না স্মৃতি মান্ধানা। ওপেন করতে নেমে মন্ধানা করলেন ১৪ বলে ১৩ রান। অন্য ওপেনার শেফালি বর্মা করেন ২০ বলে ৩৪। ৫টি চার এবং ১টি ছয় মারেন। তিন নম্বরে নেমে জেমাইমা রদ্রিগেজের অবদান ২৯ বলে ৩৬। হরমনপ্রীতের ব্যাট থেকে এসেছে ৩৩ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংস। তিনি ৫টি চার এবং ১টি ছয় মেরেছেন। ভারতের আর কোনও ব্যাটার বলার মতো রান করতে পারেননি। ব্যর্থ রিচা ঘোষও (৫)। দক্ষিণ আফ্রিকার হয়ে বেশ ভাল বল করলেন আয়াবঙ্গা খাকা। ১৬ রানে ৩ উইকেট নিলেন তিনি। ২৭ রানে ২ উইকেট টুমি সেখুখুনের। এ ছাড়া ৩০ রানে ১ উইকেট নিয়েছেন ননকুলুলেকো এমলাবা।

জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করতে পারেনি প্রোটিয়ারাও। ওপেনার সান লুস (১৩) দ্রুত আউট হয়ে যান। রান পাননি তিন নম্বরে নামা তাজ়মিন ব্রিটসও (১০)। তবে ২২ গজের এক প্রান্ত আগলে রেখেছিলেন অধিনায়ক লরা উলভার্ট। ৩৯ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাট থেকে এসেছে ৮টি চার। তাঁর সঙ্গে প্রয়োজনীয় জুটি তৈরি করেন অ্যানেরি ডার্কসেন। তিনি ৩৪ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। ৪টি চারের পাশাপাশি একটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। শেষ পর্যন্ত তাঁর সঙ্গে ছিলেন চোল ট্রায়ন (অপরাজিত ১৮)। ভারতের সফলতম বোলার শ্রেয়াঙ্কা পাতিল ২৬ রানে ২ উইকেট নেন। ২৬ রানে ১ উইকেট শ্রী চরণীর। ২৮ রানে ১ উইকেট অরুন্ধতী রেড্ডির।

আগামী ১২ জুন থেকে শুরু হবে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ ১৪ জুন পাকিস্তানের বিরুদ্ধে। দু’মাসের মতো বাকি রয়েছে বিশ্বকাপের। হরমনপ্রীতদের দক্ষিণ আফ্রিকার সফর মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ। তাতে শুরুতেই ধাক্কা খেলেন এক দিনের বিশ্বজয়ীরা।

Advertisement
আরও পড়ুন