IPL 2026

‘গ্রিন দলে জায়গা পাওয়ার যোগ্যই নয়’, কেকেআরের ২৫ কোটি জলে গিয়েছে বলে মনে করছেন হরভজন

প্রথম ম্যাচে ১৮ রানের পর দ্বিতীয় ম্যাচে ২। দু’ম্যাচে অবদান মাত্র ২০ রান। এটাই ২৫.২০ কোটির ক্যামেরন গ্রিনের পারফরম্যান্স। যা দেখে রেগে গিয়েছেন হরভজন সিংহ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৭:১৫
cricket

ক্যামেরন গ্রিন। ছবি: সমাজমাধ্যম।

প্রথম ম্যাচে ১৮ রানের পর দ্বিতীয় ম্যাচে ২। দু’ম্যাচে অবদান মাত্র ২০ রান। বল করেননি, তাই উইকেট নেওয়ার প্রশ্নই নেই। আইপিএলের দু’ম্যাচে এটাই ২৫.২০ কোটির ক্যামেরন গ্রিনের পারফরম্যান্স, যা ক্ষিপ্ত করেছে সমর্থকদের। রেগে গিয়েছেন হরভজন সিংহও। তাঁর মতে, এই দলে জায়গা পাওয়ার যোগ্যই নন গ্রিন।

Advertisement

মুম্বইয়ের কাছে প্রথম ম্যাচ হারার পর হায়দরাবাদের কাছে ইডেনের প্রথম খেলাতেও হেরে গিয়েছে কেকেআর। ব্যাটে কোনও অবদানই রাখতে পারছেন না গ্রিন। বৃহস্পতিবার আউট হয়েছেন সতীর্থের সঙ্গে ভুল বোঝাবুঝিতে।

নিজের ইউটিউব চ্যানেলে হরভজন বলেছেন, “আমার মনে হয় ক্যামেরন গ্রিন এই দলে জায়গা পেতেই পারে না। সহজ কারণ হল, ও বল করছে না। কেকেআরের উচিত টিম সেইফার্টকে দলে এনে ওকে দিয়ে ওপেন করানো। গ্রিন বল না করলে, ওর থেকে ভাল ব্যাটার কেকেআরের দলে রয়েছে। সেইফার্টের মতো বিকল্প রয়েছে। রভমান পাওয়েল রয়েছে। ওকেও খেলানো যেতে পারে।”

দুই ম্যাচে হারের পর কেকেআর পয়েন্ট তালিকায় ৯ নম্বরে রয়েছে। বোলিং, ব্যাটিং সব বিভাগেই চিন্তা রয়েছে তাদের। হরভজন বলেছেন, “প্রথম দুটো ম্যাচে হারের পর নিঃসন্দেহে যাবতীয় চাপ এখন কেকেআরের উপরে। এখান থেকে প্রত্যাবর্তন করতে চাইলে কয়েকটা বিষয় ঠিক করতে হবে। ওদের বোলিংয়ের উন্নতি দরকার সকলের আগে। এ ছাড়াও সেইফার্ট বা পাওয়েলকে অবিলম্বে খেলানো উচিত। ওদের শক্তি রয়েছে এবং বড় রান করতে পারে।”

Advertisement
আরও পড়ুন