IPL 2026

আইপিএলের আগে এক জনের কাছে সাত দিনের প্রস্তুতি নিয়েছেন, কার কাছে? জানালেন না কেকেআরকে একাই হারানো নীতীশ

ভারতীয় দলে জায়গা ফিরে পেতে আইপিএলকে বেছে নিয়েছেন নীতীশ কুমার রেড্ডি। প্রতিযোগিতার আগে এক সপ্তাহের বিশেষ প্রস্তুতি নিয়েছেন। কার কাছে অনুশীলন করেছেন, তা গোপন রাখতে চাইছেন অলরাউন্ডার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৫:৩৭
picture of cricket

নীতীশ কুমার রেড্ডি। ছবি: বিসিসিআই।

প্রত্যাশাপূরণ করতে না পারায় গৌতম গম্ভীরের তালিকায় নীতীশ কুমার রেড্ডির নাম চলে গিয়েছে কিছুটা নীচের দিকে। ভারতীয় দলে জায়গা ফিরে পাওয়ার জন্য আইপিএলকে বেছে নিয়েছেন অলরাউন্ডার। নিয়েছেন বিশেষ প্রস্তুতিও। কার কাছে প্রস্তুতি নিয়েছেন, তা গোপন রাখতে চাইছেন সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার।

Advertisement

ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নজর কেড়েছে নীতীশের অলরাউন্ড পারফরম্যান্স। ব্যাট হাতে করেছেন ২৪ বলে ৩৯ রান। পরে বল হাতে ১৭ রানে ২ উইকেট নিয়েছেন। আউট করেছেন রিঙ্কু সিংহ এবং অনুকূল রায়কে। সফল হওয়ার পর তরুণ অলরাউন্ডার বলেছেন, ‘‘আমি বরাবরই নিজের বোলিং নিয়ে উৎসাহী। সব সময় উন্নতির চেষ্টা করি। গত বছর চোট ছিল। ঠিক মতো পারফর্ম করতে পারিনি। প্রস্তুতির ঘাটতি ছিল। এ বার আমি প্রস্তুতির যথেষ্ট সময় পেয়েছি। এক জনের কাছে এক সপ্তাহ বিশেষ অনুশীলনও করেছি। এই অনুশীলনটা আমার অনেক উপকার করেছে। তাঁর পরামর্শগুলো কাজে লাগানোর চেষ্টা করছি। ভাল ফলও পাচ্ছি।’’ কার কাছে বিশেষ অনুশীলন করেছেন? এই প্রশ্নের উত্তরে হেসে নীতীশ বলেছেন ‘‘এখন নয়, এটা পরে বলব।’’

নীতীশ জানিয়েছেন ব্যাট করার সময়ই বুঝে গিয়েছিলেন, ইডেনের ২২ গজে কেমন বল করতে হবে। হায়দরাবাদের অলরাউন্ডার বলেছেন, ‘‘ব্যাট করার সময় উইকেট সম্পর্কে ধারনা পেয়ে যাই। ব্যাট করার সময় মনে হয়েছিল, পিচে দু’রকম গতি রয়েছে। কারণ বোলারেরা ধীর গতির বাউন্সার দিলে কোনও বল দ্রুত চলে আসছিল। আবার কোনও বল একটু থমকেও যাচ্ছিল। তাই বল করার সময় মনে হল, গতি কমিয়ে দেখি। সে ভাবেই রিঙ্কুর উইকেটটা পেয়ে গিয়েছি। বলটা একটু দ্রুতই ওর কাছে পৌঁছে গিয়েছিল। সে জন্যই বল ওর ব্যাটের কানায় লেগেছে। তা ছাড়া আমার বোলিংয়ের অন্যতম শক্তিও মন্থর গতির বল। কেকেআরের বিরুদ্ধে সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছি।’’

এ বারের প্রস্তুতিতে খুশি নীতীশ। আইপিএলে প্রত্যাশা মতো পারফর্ম করার ব্যাপারে আত্মবিশ্বাসী ২২ বছরের ক্রিকেটার। আশা করছেন, প্রতি ম্যাচেই দলকে সাহায্য করতে পারবেন।

Advertisement
আরও পড়ুন