সোফি শাইনের (বাঁ দিকে) সঙ্গে শিখর ধাওয়ান। ছবি: এক্স।
প্রথম স্ত্রী আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ে করলেন শিখর ধাওয়ান। বান্ধবী সোফি শাইনের সঙ্গে চার হাত এক হল তাঁর। বিয়ের অনুষ্ঠানে কাছের বন্ধুবান্ধবদেরই ডেকেছিলেন ‘গব্বর’ (খেলোয়াড় জীবনে এই নামেই তাঁকে ডাকতেন সতীর্থ ও ক্রিকেটপ্রেমীরা)।
শনিবার দিল্লিতে ঘরোয়া অনুষ্ঠানে সোফিকে বিয়ে করেছেন ধাওয়ান। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সময় প্রথম বার দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। তার পর অবশ্য অনেক বার সমাজমাধ্যমে নিজের প্রেমের কথা জানিয়েছেন ভারতের প্রাক্তন ওপেনার। ধাওয়ানের সঙ্গে ভারতেই থাকেন সোফি। ফলে ভারতেই বিয়ে হল তাঁদের।
বিয়েতে কাছের বন্ধুবান্ধবদেরই ডেকেছিলেন ধাওয়ান। ছিলেন যুজবেন্দ্র চহাল। তিনি ইনস্টাগ্রামে ধাওয়ানের বিয়ের ছবি প্রকাশ করেন। ধাওয়ানের দীর্ঘ দিনের ওপেনিং জুটি রোহিত শর্মাও বিয়েতে উপস্থিত ছিলেন।
২০১২ সালে আয়েশার সঙ্গে বিয়ে হয়েছিল ধাওয়ানের। ভারতীয় ক্রিকেটারের সেটি প্রথম বিয়ে হলেও আয়েশার ছিল দ্বিতীয় বিয়ে। ন’বছর পর তাঁদের সম্পর্কের অবনতি হয়। আয়েশার বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করেন ধাওয়ান। আদালত ধাওয়ানের বিচ্ছেদের আবেদনে অনুমতি দেয়। সেই বিচ্ছেদের কয়েক বছর পর আবার বিয়ে করলেন ধাওয়ান।
আয়ারল্যান্ডের বাসিন্দা সোফি সমাজমাধ্যমে সক্রিয়। মার্কেটিং ও ম্যানেজমেন্টের ডিগ্রি রয়েছে তাঁর। ২০১৮ সাল থেকে একটি সংস্থায় কর্মরত সোফি। এ বার তিনিও নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন।
২০১০ সালে ভারতীয় দলে অভিষেক হয়েছিল ধাওয়ানের। ২০২২ সাল পর্যন্ত ভারতের এক দিনের দলের সদস্য ছিলেন তিনি। কিন্তু তার পর থেকে আর ভারতীয় দলে সুযোগ পাননি। অবশেষে ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।