Pakistan Cricket

‘এ বার কি বিশ্বকাপও চুরি করবেন?’ বাংলাদেশের কাছে হারতেই পাক বোর্ডের প্রধান নকভিকে নিশানা সে দেশের প্রাক্তনের

বাংলাদেশের কাছে এক দিনের সিরিজ় হেরেছে পাকিস্তান। এই হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভিকে নিশানা করেছেন কামরান আকমল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৩:০৫
cricket

মহসিন নকভি। —ফাইল চিত্র।

ভারত এশিয়া কাপ জেতার পর ট্রফি নিয়ে হোটেলে ফিরে বিতর্কে জড়িয়েছিলেন মহসিন নকভি। সেই ট্রফি এখনও পায়নি ভারত। নকভিকে ‘ট্রফি চোর’ বলে নিশানা করেছিলেন অনেকে। এ বার নিজের দেশের ক্রিকেটারের নিশানাতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। বাংলাদেশের কাছে এক দিনের সিরিজ় হেরেছে পাকিস্তান। এই হারের পর নকভিকে নিশানা করেছেন কামরান আকমল।

Advertisement

একটি অনুষ্ঠানে পাকিস্তানের প্রাক্তন ওপেনার জানিয়েছেন, দেশের ক্রিকেটের প্রতি আর কোনও ভরসা নেই তাঁর। আকমল বলেন, “এখন এমন পরিস্থিতি যে, নেদারল্যান্ডসও আমাদের বিরুদ্ধে সিরিজ় খেলতে চাইবে। কারণ ওরাও জানে, আমাদের হারানো সহজ। পাকিস্তান ক্রিকেটে এখন এমনই হাল। এই দলকে নিয়ে আমার কোনও ভরসা নেই।”

আকমলের মতে, তৃতীয় ম্যাচে আরও খারাপ ভাবে হারতে পারত পাকিস্তান। তিনি বলেন, “বাংলাদেশ আরাম করে ৩৫০ রান করতে পারত। কিন্তু ওরা ২৯০ রানে থেমেছে। লিটন দাস খুব ধীরে খেলেছে। তার পরেও আমরা হেরেছি। আর কী বলব?”

নকভি পাক বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে পাকিস্তান ক্রিকেটের হাল আরও খারাপ হয়েছে। সেই কারণেই নকভিকে নিশানা করেছেন আকমল। তিনি বলেন, “জিততে না পারলে কি এ বার বিশ্বকাপও চুরি করে ঘরে আনবেন? এর থেকে লজ্জার আর কিছু নেই।”

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাত্র ১১৪ রানে অল আউট হয়ে গিয়েছিল পাকিস্তান। ৮ উইকেটে প্রায় ৩৫ ওভার বাকি থাকতে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ডাকওয়ার্থ-লুইস নিয়মে ১২৮ রানে জেতে পাকিস্তান। কিন্তু তৃতীয় ম্যাচ ১১ রানে হারতে হয় তাদের।

কয়েক দিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। দলের ব্যর্থতায় তখনও সমালোচনার মুখে পড়েছিলেন নকভি। আরও এক বার বিতর্কে পাক বোর্ডের প্রধান।

Advertisement
আরও পড়ুন