ICC T20 World Cup 2026

পিতৃহারা রিঙ্কুর উদাহরণ দিয়ে দলকে তাতিয়েছিলেন গম্ভীর, ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের আগে সূর্যদের কী বলেছিলেন কোচ

বাবার সৎকার করে ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন রিঙ্কু সিংহ। ইডেন গার্ডেন্সে সেই ম্যাচের আগে রিঙ্কুর উদাহরণ দিয়েই সূর্যকুমার যাদবদের চাপ মুক্ত রাখার চেষ্টা করেছিলেন গৌতম গম্ভীর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৭:০৭
picture of cricket

(বাঁ দিকে) রিঙ্কু সিংহ এবং গৌতম গম্ভীর (ডান দিকে)। ছবি: এক্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে বাবা খানচন্দ্র সিংহকে হারিয়েছেন রিঙ্কু সিংহ। বাবার দাহকার্য করে আবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন ভারতীয় দলে যোগ দেন ভারতীয় ব্যাটার। ইডেন গার্ডেন্সে ম্যাচের আগের দিন রিঙ্কুর মানসিকতার প্রশংসা করেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।

Advertisement

বাবার মৃত্যুশোক সামলে দেশের স্বার্থে দলে যোগ দিয়েছেন রিঙ্কু। বাড়িতে এক দিনের বেশি থাকেননি। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগেও ভেন্টিলেশনে থাকা বাবাকে এক দিনের জন্য দেখতে গিয়েছিলেন। সে বারও ম্যাচের আগের দিন দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। জীবনের কঠিন সময়েও লক্ষ্যে অবিচল থেকে কোচের প্রশংসা পেয়েছেন রিঙ্কু।

ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের আগের দিন অনুশীলনের আগে টিম হার্ডলে গম্ভীর বলেন, ‘‘সবার আগে একটা কথা বলব। এমন পরিস্থিতিতে দলে ফিরে আসার জন্য কঠিন মানসিকতা প্রয়োজন। রিঙ্কু একটা কথা মনে রাখবে, এই সময় তুমি একা নও। গোটা দল তোমার সঙ্গে রয়েছে। এমনই শক্ত থাকার চেষ্টা কর।’’

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচ ছিল ভারতের কাছে ‘কোয়ার্টার ফাইনাল’। হারলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যেতেন সূর্যকুমার যাদবেরা। দলকে চাপমুক্ত থাকার পরামর্শও দেন গম্ভীর। ক্রিকেটারদের তিনি বলেছিলেন, ‘‘এমন ম্যাচে চাপ থাকবেই। একটা জিনিস পরিষ্কার করে দিতে হবে। আমরা চাপের জন্য পালিয়ে যাব না। চাপ নিয়েই খেলব। চাপের মোকাবিলা করব। কোনও সময় বেশি চাপ মনে হলেও ইতিবাচক থাকার চেষ্টা করব। ম্যাচটা আমরা উপভোগ করার চেষ্টা করব। তোমরা বিশ্বকাপ খেলার জন্যই ছোট থেকে ক্রিকেট খেলছ। ঘরের মাঠে এমন একটা নক আউট ম্যাচ খেলার সুযোগ পেয়েছো। চাপে কুঁকড়ে যেও না। নিজেদের উত্তেজিত রাখ। উত্তেজনা নিয়েই মাঠে নামবে।’’

গম্ভীর আরও বলেছিলেন, ‘‘আগামী ৪০ ঘণ্টায় কখনও চাপ মনে হলেও ইতিবাচক থাকব আমরা। সাহসী থাকার চেষ্টা করব। সাহসের সঙ্গে চাপ সামলাতে হবে। তোমরা ম্যাচটা শুধু উপভোগ করার চেষ্টা কর। দেশের জন্য উপভোগ কর। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একে অন্যের পারফরম্যান্স উপভোগ কর।’’ কঠিন পরিস্থিতিতে লক্ষ্যে অবিচল থাকার জন্য রিঙ্কুর উদাহরণ দিয়ে দলকে তাতানোর চেষ্টা করেছিলেন গম্ভীর।

ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে গত বারের চ্যাম্পিয়ন ভারত। ইডেনের ম্যাচে রিঙ্কুকে অবশ্য খেলাননি গম্ভীর। আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড।

Advertisement
আরও পড়ুন