IPL 2026

ইডেন পারেনি, গুয়াহাটি পেরেছে! বৃষ্টির বাধা কাটিয়েও আইপিএলে সফল ম্যাচ আয়োজন, বর্ষাপারার মাঠকর্মীদের আর্থিক পুরস্কার

চলতি আইপিএলে রাজস্থান তিনটি ম্যাচ খেলেছে গুয়াহাটির বর্ষাপারা ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচেই বৃষ্টি হলেও কোনওটিই ভেস্তে যায়নি। ম্যাচ আয়োজন করার জন্য মাঠকর্মীদের আর্থিক পুরস্কার দিল অসম ক্রিকেট সংস্থা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৯:৪৬
cricket

গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়াম। ছবি: পিটিআই।

চলতি আইপিএলে রাজস্থান তিনটি ম্যাচ খেলেছে গুয়াহাটির বর্ষাপারা ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচে বৃষ্টি হলেও কোনওটিই ভেস্তে যায়নি। বৃষ্টি সামলেও ম্যাচ আয়োজন করার জন্য মাঠকর্মীদের আর্থিক পুরস্কার দিল অসম ক্রিকেট সংস্থা। মোট ২৫ লক্ষ টাকার পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। টানা বৃষ্টিপাতের পরেও যে ভাবে মাঠকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে মাঠ খেলার উপযুক্ত করে তুলেছেন, তার প্রশংসা করা হয়েছে। উল্লেখ্য, ইডেনে বৃষ্টির জন্য কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। বৃষ্টি থামার পরেও তা শুরু করা যায়নি।

Advertisement

গুয়াহাটিতে রাজস্থানের প্রতিটি ম্যাচেই বৃষ্টি হয়েছে। তার মধ্যে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির কারণে কমিয়ে ১১ ওভারের করা হয়েছিল। বেঙ্গালুরু এবং চেন্নাই ম্যাচও দেরিতে শুরু হয়েছে। কঠিন পরিস্থিতি থাকা সত্ত্বেও মাঠকর্মীরা নিশ্চিত করেছেন যাতে খেলা আয়োজন করা যায়। পিচ এবং আউটফিল্ড বেশি ভিজতে দেননি। ফলে বৃষ্টি থামার পর খেলা শুরু করতেও বিশেষ দেরি হয়নি।

অসম ক্রিকেট সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি প্রতিকূল হওয়া সত্ত্বেও পিচ নির্মাতা এবং মাঠকর্মীরা সঠিক সময়ে মাঠ প্রস্তুত করেছেন। সর্বোচ্চ মানের খেলা হওয়ার মতো মাঠ তৈরি করেছেন। ফলে মসৃণ ভাবে ম্যাচ আয়োজন করা গিয়েছে এবং গোটা দেশে গুয়াহাটির সম্মান আরও বেড়েছে। সে কারণেই মাঠকর্মীদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জয়পুরে মাঠ তৈরির কাজ চলার কারণে রাজস্থান এ বার তিনটি ম্যাচ গুয়াহাটিতে খেলার সিদ্ধান্ত নিয়েছিল। গত কয়েক বছর ধরেই গুয়াহাটিকে তারা ‘দ্বিতীয় ঘর’ হিসাবে বেছে নিয়েছে। এ বার রাজস্থান ফিরেছে জয়পুরে। ২৫ এপ্রিল হায়দরাবাদের বিরুদ্ধে জয়পুরে প্রথম ম্যাচ খেলবে তারা।

Advertisement
আরও পড়ুন