IPL 2026

কেকেআরের বিরুদ্ধে ম্যাচে অক্রিকেটীয় আচরণ! বোর্ডের শাস্তি পেলেন হার্দিক, আর্থিক জরিমানা দিতে হচ্ছে মুম্বইয়ের অধিনায়ককে

কেকেআর ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণের কারণে বোর্ডের শাস্তি পেলেন হার্দিক পাণ্ড্য। তাঁর ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে নামের পাশে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৭:৫৫
cricket

হার্দিক পাণ্ড্য। ছবি: পিটিআই।

বুধবার কেকেআরের বিরুদ্ধে ইডেনে হেরে গিয়েছে মুম্বই। সেই ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণের কারণে বোর্ডের শাস্তি পেলেন হার্দিক পাণ্ড্য। তাঁর ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে নামের পাশে।

Advertisement

হার্দিকের বিরুদ্ধে ক্রিকেটীয় সরঞ্জামের অপব্যবহারের অভিযোগ উঠেছে। কেকেআরের ইনিংসের ১০তম ওভার চলাকালীন এই ঘটনা ঘটেছে। আইপিএলের একটি বিবৃতিতে বলা হয়েছে, হার্দিক ২.২ ধারা ভেঙেছেন। সেই ধারায় ক্রিকেটীয় সরঞ্জাম, পোশাক, মাঠের সরঞ্জামের অপব্যবহারের বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়।

কেকেআরের ইনিংসে ১০ম ওভারের চতুর্থ বলে হার্দিক রান-আপের দিকে এগোনোর সময় উইকেটের দু’টি বেল আঙুল দিয়ে টোকা মেরে ফেলে দেন। কোনও কারণ ছাড়াই এমন কাজ করার জন্য তাঁকে শাস্তি দেওয়া হয়েছে। হার্দিক সেই শাস্তি মেনে নিয়েছেন। চার থেকে সাত ডিমেরিট পয়েন্ট নামের পাশে যোগ হলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে একটি ম্যাচ নির্বাসিত করা হতে পারে।

ম্যাচের পর হার্দিক যথেষ্ট হতাশ দলের পারফরম্যান্স নিয়ে। তিনি বলেছেন, “অন্তত ২০ রান কম করেছি আমরা। পাওয়ার প্লে-তে অনেক উইকেট হারিয়েছি। যদি তিলক এবং আমি আরও কিছু ক্ষণ ক্রিজ়ে থাকতাম এবং দু’-একটা বড় জুটি তৈরি করতে পারতাম, তা হলে ওই ১৫-২০ বাড়তি রান উঠে যেত।”

দলের ফিল্ডিংকেও দোষ দিয়েছেন তিনি। বলেছেন, “গোটা মরসুমেই খুব খারাপ ফিল্ডিং করেছি আমরা। প্রচুর ক্যাচ ফেলেছি। ম্যাচ জিততে নিলে এ সব সুযোগ নিতেই হবে। অর্ধেক ক্যাচ ধরলেও অনেক ভাল হত। ম্যাচ বদলে দিতে পারে এমন ক্যাচ ফস্কালে তার মূল্য দিতেই হবে।”

Advertisement
আরও পড়ুন