IPL 2026

ধোনির কায়দায় স্টাম্পিং সঞ্জুর! আউট হয়ে মেজাজ হারালেন ক্লাসেন, স্যামসনকে দু’কথা শুনিয়ে ফিরলেন সাজঘরে

সানরাইজ়ার্স হায়দরাবাদ জিতলেও মেজাজ ধরে রাখতে পারেননি দলের ব্যাটার হাইনরিখ ক্লাসেন। আউট হয়ে মেজাজ হারান তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৩:০৩
cricket

সঞ্জু স্যামসনকে (একেবারে বাঁ দিকে) কথা শোনাচ্ছেন হাইনরিখ ক্লাসেন (একেবারে ডান দিকে)। ছবি: এক্স।

দল জিতলেও মেজাজ ধরে রাখতে পারেননি হাইনরিখ ক্লাসেন। মেজাজ হারিয়ে প্রতিপক্ষ ক্রিকেটারকে কথা শুনিয়েছেন তিনি। এই ঘটনায় শাস্তি পেতে পারেন ক্লাসেন। কারণ, বিবাদ দু’তরফে হয়নি। যে সঞ্জু স্যামসনকে তিনি কথা শুনিয়েছেন, সেই সঞ্জু কিন্তু পাল্টা একটি কথাও বলেননি।

Advertisement

ঘটনাটি ঘটেছে ম্যাচের ১৫তম ওভারে। নুর আহমেদের বিরুদ্ধে ব্যাট করছিলেন ক্লাসেন। নুরের একটি বল সামনের পায়ে খেলতে গিয়ে মিস্‌ করেন তিনি। বল যায় উইকেটরক্ষক সঞ্জুর কাছে। সেকেন্ডের ভগ্নাংশে স্টাম্প করেন সঞ্জু। তিনি আউটের আবেদন করেন। ক্লাসেন নিশ্চিত ছিলেন, তিনি ক্রিজ়ে রয়েছেন। কিন্তু রিপ্লে-তে দেখা যায়, ক্লাসেনের পা ক্রিজ়ের ভিতরে থাকলেও হাওয়ায় রয়েছে। বল মাটিতে পড়ার আগেই স্টাম্প আউট করেন সঞ্জু। ২৬ বলে ৪৭ রানের মাথায় আউট হন ক্লাসেন।

সঞ্জুর এই স্টাম্প মনে করিয়ে দেয় মহেন্দ্র সিংহ ধোনিকে। অনেকটা এই কায়দাতেই চোখের পলক ফেলার আগে স্টাম্প আউট করতেন ধোনি। ঠিক সেই কায়দাতেই স্টাম্প আউট করেন সঞ্জু। ক্লাসেন ক্রিজ়ের ভিতরে থাকলেও পা নামানোর সময় পাননি।

সঞ্জুর উল্লাসের ধরন ভাল লাগেনি ক্লাসেনের। তিনি সঞ্জুর সামনে গিয়ে কিছু কথা বলেন। ক্লাসেনকে দেখে বোঝা যাচ্ছিল, মেজাজ হারিয়েছেন তিনি। কিন্তু পাল্টা সঞ্জু কিছু বলেননি। তিনি শুধু ক্লাসেনের দিকে তাকিয়ে থাকেন। হতাশ হয়ে ফেরেন ক্লাসেন। ডাগআউটের দিকে যাননি ক্লাসেন। তিনি সোজা সাজঘরে চলে যান।

ক্লাসেন আউট হলেও জিততে সমস্যা হয়নি হায়দরাবাদের। ঈশান কিশনের ৪৭ বলে ৭০ রানে ভর করে এক ওভার বাকি থাকতে ১৮১ রান তাড়া করে জিতে যায় তারা। এই জয়ের ফলে প্লে-অফে জায়গা করে নিয়েছে হায়দরাবাদ। সেই সঙ্গে গুজরাত টাইটান্সকেও প্লে-অফে তুলেছে তারা। অন্য দিকে এই হারের ফলে প্লে-অফে ওঠার লড়াই কঠিন হয়েছে চেন্নাই সুপার কিংসের।

Advertisement
আরও পড়ুন