Suryakumar Yadav

হার্দিককে টপকে কী ভাবে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছিলেন, নেপথ্যে কার ভূমিকা ছিল, জানালেন সূর্য নিজেই

রোহিত শর্মা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর ছোট ফরম্যাটে ভারতের অধিনায়ক করা হয় সূর্যকুমার যাদবকে। ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে অবাক হয়েছিলেন সূর্য নিজেও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১১:২৯
cricket

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে রোহিত শর্মা অবসর নেওয়ার পর সকলে ভেবেছিলেন হার্দিক পাণ্ড্য ছোট ফরম্যাটে ভারতের নতুন অধিনায়ক হবেন। কারণ, ২০২২ ও ২০২৩ সালে রোহিতের অনুপস্থিতিতে তিনিই অধিনায়কত্ব করেছিলেন। তত দিনে আইপিএলেও রোহিতকে সরিয়ে হার্দিককে নেতৃত্ব দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সকলকে অবাক করে সূর্যকুমার যাদবকে অধিনায়ক করা হয়। এই সিদ্ধান্তের নেপথ্য কাহিনি ফাঁস করলেন সূর্য নিজেই।

Advertisement

কয়েক দিন আগে সূর্যের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। পর পর দু’বার ছোট ফরম্যাটে বিশ্বসেরা হয়েছে তারা। সূর্য অধিনায়ক হওয়ার পর একটিও টি-টোয়েন্টি সিরিজ় হারেনি ভারত। অথচ সূর্য নিজেই প্রথম বার অধিনায়ক হবেন শুনে অবাক হয়ে গিয়েছিলেন।

সংবাদসংস্থা পিটিআই-কে এক সাক্ষাৎকারে সূর্য বলেন, “বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফর ছিল। আমরা জানতাম অধিনায়ক বদলাবে। সিরিজ়ের কয়েক দিন আগে জয় ভাই ফোন করেন। উনি তখন বোর্ডের সচিব। আমি ভেবেছিলাম সিরিজ় নিয়ে কিছু একটা বলবেন।”

সেই সময় জয়ের মুখেই অধিনায়ক হওয়ার কথা শুনেছিলেন সূর্য। তিনি বলেন, “জয় ভাই বললেন, আমি দলের পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক। আমার হাতেই দলের দায়িত্ব দেওয়া হবে। জয় ভাই বললেও আমি নিশ্চিত, রোহিত ভাই আর অজিত ভাই আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছিল।”

এই সিদ্ধান্তের নেপথ্যে রাহুল দ্রাবিড়ের ভূমিকা ছিল বলেও জানিয়েছেন সূর্য। তিনি বলেন, “গৌতি ভাই তো পরে কোচ হয়েছিল। রাহুল স্যরের সঙ্গে জয় ভাইয়ের আলোচনা হয়েছিল। রাহুল স্যর দায়িত্ব ছাড়লেও নিশ্চয়ই নিজের মতামত দিয়েছিলেন। সেই মতামত মেনেই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল।”

হার্দিককে শুধু অধিনায়ক করা হয়নি তা নয়, সহ-অধিনায়কের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। নতুন সহ-অধিনায়ক হন অক্ষর পটেল। তার পর থেকে সূর্য-অক্ষর যুগলবন্দিতে একের পর এক সিরিজ় জিতছে ভারত। ভারতীয় বোর্ড যে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল তা এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট।

Advertisement
আরও পড়ুন