India vs Afghanistan

রোহিত-হার্দিক কি খেলতে পারবেন? এক দিনের সিরিজ় শুরুর পাঁচ দিন আগেও জানে না ভারতীয় শিবির!

আইপিএলের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত শর্মা। চোট সারিয়ে শেষ দিকের কয়েকটি ম্যাচে শুধু ব্যাট করেছিলেন। হার্দিক পাণ্ড্যও পিঠের ব্যথার জন্য তিনটি ম্যাচ খেলতে পারেননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ২০:১৯
picture of cricket

(বাঁ দিকে) রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ড্য (ডান দিকে)। —ফাইল চিত্র।

আফগানিস্তানের বিরুদ্ধে রেকর্ড ব্যবধানে টেস্ট জয়ের পর ক্রিকেটপ্রেমীদের সুখবর দিয়েছেন শীতাংশু কোটাক। ভারতীয় দলের ব্যাটিং কোচ জানিয়েছেন, আফগানদের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ড্য দু’জনের খেলার সম্ভাবনা রয়েছে। তবে সিরিজ় শুরুর পাঁচ দিন আগেও তিনি নিশ্চিত নন।

Advertisement

আইপিএলের সময় চোট পান রোহিত এবং হার্দিক। চোটের জন্য দু’জনেই কয়েকটি করে ম্যাচ খেলতে পারেননি। তাঁদের ফিটনেস নিয়ে সমস্যা থাকলেও আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দলে রাখা হয়। আইপিএল শেষে দু’জনকেই প্রয়োজনীয় শুশ্রূষার জন্য বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে (সিওই) যাওয়ার নির্দেশ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। স্বাভাবিক ভাবেই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে উদ্বেগ তৈরি হয় ভক্তদের মধ্যে।

সোমবার কোটাক বলেছেন, ‘‘রোহিত এবং হার্দিকের ফিটনেস এই মুহূর্তে ঠিক কেমন, তা বলতে পারব না। সিওই থেকে ছাড়পত্র পেয়েছে বলে শুনিনি। নিয়ম অনুযায়ী দু’জনকেই ফিটনেস পরীক্ষা দিতে হবে। তবে শুনেছি, দু’জনেই ভাল জায়গায় রয়েছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘এক দিনের দলের ক্রিকেটারেরা নিউ চণ্ডীগড়ে সোমবার থেকেই আসবে। বুধবার বিকালে এখানে হালকা অনুশীলন করব আমরা। সে দিনই সব পরিষ্কার যাবে। আমরা বৃহস্পতিবার ধর্মশালায় যাব।’’

আইপিএলের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত। চোট সারিয়ে শেষ দিকের কয়েকটি ম্যাচে শুধু ব্যাট করেছিলেন। হার্দিক পিঠের ব্যথার জন্য তিনটি ম্যাচ খেলতে পারেননি। শেষ দু’টি ম্যাচ তিনি খেলেন। কয়েক দিন আগেই সিওইতে চলে গিয়েছেন বদোদরার অলরাউন্ডার। রোহিতও বেঙ্গালুরু পৌঁছে গিয়েছেন। উল্লেখ্য, ভারত-আফগানিস্তান প্রথম এক দিনের ম্যাচ ১৩ জুন।

Advertisement
আরও পড়ুন