Geoff Allardice

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এখনও তৈরি নয় পাকিস্তান, বাধ্য হয়ে সরলেন আইসিসির সিইও?

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সরে গেলেন জিওফ অ্যালার্ডিস। মনে করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনে পাকিস্তান যে এখনও তৈরি হতে পারেনি, সেটাই অ্যালার্ডিসের চাকরি যাওয়ার অন্যতম কারণ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১০:১৮
Champions Trophy

চ্যাম্পিয়ন্স ট্রফি। —ফাইল চিত্র।

২০২১ সাল থেকে আইসিসির সিইও পদে ছিলেন জিওফ অ্যালার্ডিস। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সরে গেলেন তিনি। মনে করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনে পাকিস্তান যে এখনও তৈরি হতে পারেনি, সেই কারণেই অ্যালার্ডিসকে সরে যেতে হল।

Advertisement

২০১২ সালে আইসিসির জেনারেল ম্যানেজার হিসাবে যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যালার্ডিস। ২০২১ সালের নভেম্বরে সিইও পদে বসেন। তিনি যদিও নিজে থেকেই সরে গিয়েছেন বলে জানিয়েছেন। অ্যালার্ডিস বলেন, “আইসিসির সিইও পদ সামলানোর দায়িত্ব পাওয়াটা সত্যিই বড় ব্যাপার। ক্রিকেটের প্রসারের জন্য যা করেছি, তাতে আমি খুশি। আমার মনে হয় এটাই সেরা সময় আমার সরে যাওয়ার। নতুন চ্যালেঞ্জ নিতে চাই।”

অ্যালার্ডিসের সরে যাওয়ার কারণ হিসাবে আইসিসি কোনও কারণ দেখায়নি। কিন্তু একটি সূত্রে জানা গিয়েছে যে, আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ সাফল্য পায়নি। সেই সঙ্গে আইসিসির প্রচুর বাড়তি খরচ হয়েছিল, ওই বিশ্বকাপ আয়োজনে। তবে সবচেয়ে বড় কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাকিস্তান যে সময়ের মধ্যে তৈরি হতে পারবে না, সেটা আন্দাজ করতে না পারা।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। নিরাপত্তার কারণে ভারত নিজেদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। কিন্তু বাকি সব ম্যাচ হবে পাকিস্তানের করাচি, লাহোর এবং রাওয়ালপিণ্ডিতে। এই তিন জায়গার মাঠ এখনও পুরোপুরি তৈরি হয়নি। সংস্কারের কাজ চলছে, যা অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এখনও বোঝা যাচ্ছে না আদৌ করাচি এবং রাওয়ালপিণ্ডির মাঠ সময়ের আগে তৈরি হবে কি না। প্রথম ম্যাচ করাচিতেই।

আইসিসির চেয়ারম্যান জয় শাহ যদিও অ্যালার্ডিসের প্রশংসাই করেছেন। তিনি বলেন, “আইসিসির তরফে অ্যালার্ডিসকে ধন্যবাদ। তাঁর পরিশ্রম ক্রিকেটকে সারা বিশ্বে পৌঁছে দিয়েছে। অ্যালার্ডিসকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই।” অ্যালার্ডিসের জায়গায় কে আইসিসির সিইও হবেন তা এখনও জানানো হয়নি। দৌড়ে রয়েছেন ক্রিস টেটলি, অ্যালেক্স মার্শাল এবং ক্লেয়ার ফারলং।

Advertisement
আরও পড়ুন