নেমারের সঙ্গে কার্লো আনচেলোত্তি। ছবি: রয়টার্স।
বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে ব্রাজ়িলের বিরুদ্ধে খেলতে নামবে নরওয়ে। তাঁর আগে ভিনিসিয়াসদের কোচকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন নরওয়ের কোচ স্টেল সলবাকেন। তৈরি থাকতে বললেন কার্লো আনচেলোত্তিকে। তবে এই ম্যাচের আগে আমেরিকার গরম ভাবাচ্ছে আর্লিং হালান্ডদের।
আইভরি কোস্টকে হারানোর পর নরওয়ের সাজঘরে ভাষণ দিয়েছেন সলবাকেন। সেখানেই বলেছেন, “কার্লো আনচেলোত্তি। আমরা তোমার জন্য আসছি।” পরে তিনি বলেছেন, “ওকে রাগিয়ে দেওয়া ছাড়া যা করার দরকার সেটাই করব। ইউরোপীয় ফুটবলের সেরা কোচ ও। পেপ গুয়ার্দিয়োলা, হোসে মোরিনহো এবং আরও দু’-একজনের সঙ্গে এক সারিতে রাখা হয় ওকে।”
তিনি আরও বলেছেন, “ওর প্রতি প্রচণ্ড সমীহ রয়েছে আমার। কোপেনহেগেনে থাকার সময় কয়েক বার ওর সঙ্গে দেখা হয়েছে। যখন আমরা চ্যাম্পিয়ন্স লিগে চেলসি বা রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলতাম তখন। দারুণ মানুষ। খুব মজা করতে পারে। আমাদের গোটা দেশ ওকে সমীহ করে। ব্রাজ়িলকেও সমীহ করি আমরা।”
বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর কাছে আটকে গেলেও হাইতি এবং স্কটল্যান্ডকে হারিয়েছে ব্রাজ়িল। শেষ ৩২-এ হারিয়েছে জাপানকে। তবে সলবাকেনের মতে, ব্রাজ়িলের বিরুদ্ধেই তাদের আসল পরীক্ষা অপেক্ষা করছে। তিনি বলেছেন, “ব্রাজ়িল আস্তে আস্তে পায়ের নীচে মাটি খুঁজে পাচ্ছে। ধীরে ধীরে উন্নতি করছে। সব বিভাগে শক্তিশালী ফুটবলার রয়েছে ওদের। তাই আমরা চ্যালেঞ্জের জন্য তৈরি। ব্রাজ়িলই ফেভারিট হিসাবে নামবে। তবে আমরাও বিশ্বকাপ জেতার দৌড়ে রয়েছি।”
ব্রাজ়িলের মুখোমুখি হওয়ার আগে নরওয়েকে ভাবাতে পারে ক্লান্তি। আইভরি কোস্ট ম্যাচের পর হালান্ড নিজেই স্বীকার করেছিলেন, তিনি কোনও মতেই চাইছিলেন না ম্যাচ অতিরিক্ত সময়ে যাক। এই ক্লান্তিই নরওয়ের চিন্তা হতে পারে।
আমিরশাহির ক্লাব আল নাসেরের (সৌদি আরবের নয়) ক্রীড়াচিকিৎসক ডম রে বলেছেন, “গোটা প্রতিযোগিতায়, বা গত দু’-তিনটে মরসুমে যে চাপের মুখোমুখি হতে হয়েছে তা কি এত সহজে চলে যায়? দলের প্রধান ফুটবলারেরা অনেক ম্যাচ খেলেছে। প্রত্যেকেই প্রচণ্ড ক্লান্ত। পাঁচ দিনে সেটা কোনও ভাবেই মিটবে না। তবে নিজেকে তরতাজা করে তোলার একটা চেষ্টা করতেই হবে।”