Pakistan's India Boycott In T20 World Cup

পাকিস্তানের সঙ্গে আলোচনা শুরু আইসিসির, কথা চালানোর জন্য নিজেই উদ্যোগী হয়ে সহকারীকে দায়িত্ব জয় শাহের

এখনও পর্যন্ত আইসিসির কাছে লিখিত ভাবে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই পরিস্থিতিতে এগিয়ে এল আইসিসি। তারাই পাক বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৯
cricket

জয় শাহ। —ফাইল চিত্র।

পাকিস্তান সরকার ভারত-ম্যাচ বয়কটের কথা বললেও চুপ রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এখনও পর্যন্ত আইসিসিকে লিখিত ভাবে কিছু জানায়নি তারা। বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। এই পরিস্থিতিতে এগিয়ে এল আইসিসি। তারাই পাক বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করেছে।

Advertisement

আইসিসি চেয়ারম্যান জয় শাহের সহকারী অর্থাৎ, বোর্ডের ডেপুটি-চেয়ারম্যান ইমরান খোয়াজাকে দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলার। যেনতেনপ্রকারেণ পাকিস্তানকে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি করানোর নির্দেশ দেওয়া হয়েছে ইমরানকে। ‘রেভস্পোর্টজ়’ এই খবর জানিয়েছে। ইমরান সিঙ্গাপুর ক্রিকেট সংস্থার প্রতিনিধি। আইসিসিতে জয় শাহের পরেই রয়েছেন তিনি।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে পাক বোর্ডের পাশাপাশি সমস্যায় পড়বে আইসিসিও। কারণ, সম্প্রচারকারী সংস্থার সঙ্গে তাদের যখন চার বছরের চুক্তি হয়েছিল, তাতে ভারত-পাক ম্যাচও ছিল। এই ম্যাচের কারণেই চুক্তির অঙ্ক বেড়েছে। এখন সেই ম্যাচ না হলে সম্প্রচারকারী সংস্থার ক্ষতি হবে। তারা চুপ থাকবে না। চুক্তিভঙ্গের অভিযোগে পাক বোর্ড ও আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করাবে। তাতে আইসিসির আরও মুখ পুড়তে পারে। ফলে পাক বোর্ড চুপ করে থাকলেও পদক্ষেপ করেছে আইসিসি।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে মোট ৪৫০০ কোটি টাকা ক্ষতি হবে। সম্প্রচারস্বত্ব, বিজ্ঞাপন, স্পনসর, টিকিট বিক্রি, আইনি জুয়া ও বাকি সব বিষয় ধরে এই হিসাব করা হয়েছে। বিশ্বক্রিকেটে অন্য কোনও ম্যাচ এর ধারেকাছে আসে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড বছরে যা রোজগার করে তার ১৫ গুণ ক্ষতি একটি ম্যাচ থেকে হবে।

তার মধ্যে সম্প্রচারকারী চ্যানেলের ক্ষতি হবে প্রায় ৩০০ কোটি টাকা। ভারত-পাকিস্তান ম্যাচ যে কোনও আইসিসি প্রতিযোগিতার সেরা আকর্ষণ। সেই ম্যাচের মাঝে একটি ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য সম্প্রচারকারী চ্যানেলকে ৪০ লক্ষ টাকা পর্যন্ত দিতে হয়। কিন্তু খেলা না হলে সেই টাকা পাবে না তারা। বিশ্বকাপে একটি ম্যাচ সম্প্রচারের জন্য ১৩৮ কোটি টাকা দিতে হয় সম্প্রচারকারী চ্যানেলকে। কিন্তু ভারত-পাক ম্যাচের ক্ষেত্রে সেটা অনেকটাই বেশি। ফলে সম্প্রচারকারী সংস্থাও চাপ বাড়াচ্ছে।

যদিও এর মাঝেই আইসিসিকে নিশানা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। এক্স মাধ্যমে তিনি লেখেন, “ক্রিকেটকে বাঁচিয়ে রাখার জন্য নতুন এক বিশ্বক্রিকেট নিয়ামক সংস্থা গঠন জরুরি হয়ে পড়েছে। আইসিসি ভারতের হাতের পুতুলে পরিণত হয়েছে।” যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বা আইসিসি কিছু বলেনি। পাকিস্তান বোর্ড বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছে। কিন্তু কোনও দেশের বোর্ডকে পাশে পায়নি তারা। ফলে চাপ বাড়ছে পাক বোর্ডের উপরেও। এই পরিস্থিতিতে তারা আইসিসির প্রস্তাবে সাড়া দেয় কিনা, সেটাই দেখার।

Advertisement
আরও পড়ুন