মানব সুতার। —ফাইল চিত্র।
আফগানিস্তানের বিরুদ্ধে অভিষেক টেস্টেই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন মানব সুতার। তরুণ স্পিনার শুভমন গিলদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নজর কেড়ে নিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেট কর্তাদেরও। কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগও পেয়ে গেলেন সুতার।
সবে একটি টেস্ট খেলেছেন। তা-ও আফগানিস্তানের মতো তুলনায় দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে। তবু নিউ চণ্ডীগড়ের ২২ গজে সুতারের পারফরম্যান্স নজর কেড়ে নিয়েছে। ২৩ বছরের ক্রিকেটারের সঙ্গে চুক্তি করল কাউন্টি ক্লাব ওয়ারউইকশায়ার। ইয়র্কশায়ার এবং সমারসেটের বিরুদ্ধে খেলার জন্য সুতারকে দলে নিয়েছেন ওয়ারউইকশায়ার কর্তৃপক্ষ। বুধবার সুতারকে চুক্তিবদ্ধ করার কথা জানিয়েছেন তাঁরা। আন্তর্জাতিক ক্রিকেটজীবনের শুরুতেই এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সুতার।
২৯টি প্রথম শ্রেণির ম্যাচে ১২৯টি উইকেট রয়েছে রাজস্থানের ক্রিকেটারের। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দু’ইনিংস মিলিয়ে ৬২ রানে ৭ উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসেই নেন ৬ উইকেট। ভারতের দশম বোলার হিসাবে অভিষেক টেস্টের এক ইনিংসে ৫টি বা তার বেশি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে করেন ২৮ রান। তরুণ অলরাউন্ডার এ বার ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেট খেলবেন।