ICC T20 World Cup 2026

ওয়াংখেড়ের পিচ বুঝতেই পারেননি গম্ভীর-সূর্যেরা! আমেরিকার বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ে উদ্বিগ্ন নয় ভারত

আমেরিকার বিরুদ্ধে বিপর্যয়ের কারণ হিসাবে পিচ বুঝতে না পারার কথা বলেছেন অক্ষর পটেল। ওয়াংখেড়ের ২২ গজ সাধারণ ভাবে পাটা হলেও রবিবার দু’রকম গতি ছিল বলে জানিয়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৪
picture of cricket

(বাঁ দিকে) গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব (ডান দিকে)। —ফাইল চিত্র।

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতীয় দলের কাছে খেতাব রক্ষার লড়াই। অথচ প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধেই সূর্যকুমার যাদবের দলের ব্যাটিংয়ের বেহাল দশা। ব্যাটারদের পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের মনে তৈরি করেছে উদ্বেগ। কেন এমন হল? ভারতের সহ-অধিনায়ক অক্ষর পটেলের বক্তব্য, ওয়াংখেড়ের পিচ বুঝতে পারেননি তাঁরা।

Advertisement

ওয়াংখেড়ে অধিনায়ক সূর্যের ঘরের মাঠ। চেনা ২২ গজ তাঁকেও ধোকা দিয়েছে! আমেরিকার বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় নিয়ে ম্যাচের সাংবাদিক বৈঠকে অক্ষর বলেছেন, ‘‘সাধারণত মুম্বইয়ে পাটা পিচ হয়। কিন্তু এই পিচটা আলাদা। তাই আমাদের পরিকল্পনা বদলাতে হয়। ১৪০ থেকে ১৫০ রান তুলতে চেয়েছিলাম আমরা।’’ তিনি আরও বলেছেন, ‘‘দু’ওভার খেলা হওয়ার পর আমরা একটু বিস্মিত হয়েছিলাম। ২২ গজের চরিত্র আমাদের বিস্মিত করেছিল। আমি যখন ব্যাট করতে নেমেছিলাম, তখন আমাদের লক্ষ্য ছিল অন্তত ১৪০ রান করা। পরে একটা ওভারে ২১ রান হল। পরের দিকে সূর্য রান তোলার গতি বাড়িয়েছিল।’’

আমেরিকার মতো দলের বিরুদ্ধে ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল ভারত। সূর্যের ৪৯ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস ভারতকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। ভারতীয় শিবির অবশ্য ব্যাটিং বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন নয়। বরং ইতিবাচক ভাবেই দেখতে চাইছে। এর থেকে শিক্ষা নিতে চাইছেন অক্ষরেরা। তিনি বলেছেন, ‘‘প্রথম দিকে আমরা দ্রুত উইকেট হারিয়েছি। এটাই ক্রিকেট। প্রথম ম্যাচেই এমন হওয়ায় এক দিকে ভালই হয়েছে। ক্রিকেটে পিচ বোঝাটা গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচের অভিজ্ঞতা আমাদের লাভবান করতে পারে। ঈশান কিশন আউট হয়ে ফেরার পর বলেছিল, পিচে দু’রকম গতি রয়েছে। তা শুনে আমাদের মনে হয়েছিল ১৭০ ভাল রান। আমাদের ধারণা যে ভুল ছিল না, তা প্রমাণ হয়েছে।’’

সব সময় আগ্রাসী ক্রিকেট নয়। পরিস্থিতি বুঝে খেলার পরিকল্পনা রয়েছে ভারতীয় দলের। অক্ষর বলেছেন, ‘‘আমরা আমাদের খেলার ধরন বদলাইনি। আমরা পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেছি। প্রতিটি বলে আমরা মারতে চাইনি। বল বুঝে শট খেলার চেষ্টা করেছি।’’ সূর্যের সঙ্গে তাঁর জুটি নিয়ে অক্ষর বলেছেন, ‘‘মাঠে নামার আগে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলেছিলাম। আমাদের লক্ষ্য ছিল শেষ ওভার পর্যন্ত ব্যাট করা। বোলার দেখে চালিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা।’’

ভারতীয় দলের সহ-অধিনায়কের মতে প্রথম ম্যাচের বিপর্যয়ের পর তাঁরা সতর্ক থাকবেন। বাকি প্রতিযোগিতায় যাতে এমন না হয়, তা নিশ্চিত করার চেষ্টা করবেন। পিচ বোঝার বিষয়টিকেও গুরুত্ব দিয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন