BCCI

ক্রিকেটারদের ১০ দিনের বিশ্রামও কেড়ে নিল ভারতীয় বোর্ড! ইংল্যান্ড সফরের আগে আরও এক সিরিজ়

আফগানিস্তানের সঙ্গে তৃতীয় এক দিনের ম্যাচ আগামী ২০ জুন। ১ জুলাই ভারত-ইংল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। মাঝের ১০ দিনের মধ্যে আরও একটি টি-টোয়েন্টি সিরিজ় খেলতে হবে ভারতীয় দলকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৪:৩৯
picture of cricket

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ়ের পরই আর একটি সিরিজ় খেলতে বিদেশে যাবে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ের প্রস্তুতি হিসাবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবেন সূর্যকুমার যাদবেরা। আফগানিস্তান সিরিজ়ের পর ১০ দিন বিশ্রামের সুযোগ ছিল ভারতের সাদা বলের ক্রিকেটারদের। বোর্ডের নতুন সিদ্ধান্তে তা-ও পাবেন না তাঁরা।

Advertisement

টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আগামী জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে সূর্যের দল। জুলাইয়ে ইংল্যান্ডে সাদা বলের সিরিজ় রয়েছে ভারতের। তার আগে আয়ারল্যান্ড সফরে যাবেন সূর্যেরা। গত সেপ্টেম্বরে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) একটি টি-টোয়েন্টি সিরিজ় খেলার অনুরোধ করে ক্রিকেট আয়ারল্যান্ড। সেই অনুরোধে সম্মতি দিয়েছে বিসিসিআই।

ক্রিকেট আয়ারল্যান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘ভারতের বিরুদ্ধে আগামী জুনে আমরা টি-টোয়েন্টি সিরিজ় খেলব। এই সিরিজ়ে পল স্টার্লিং আর নেতৃত্ব দেবে না। নতুন অধিনায়কের নেতৃত্বে আমরা ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করব। স্টার্লিং স্বেচ্ছায় নেতৃত্বে ইস্তফা দিয়েছে। নতুন অধিনায়কের কাজ শুরু করার এটাই সেরা সময় বলে মনে করছে ও। আমরা ওর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি।’’

আয়ারল্যান্ডের সঙ্গে সম্ভবত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে ভারত। ম্যাচের সংখ্যা এবং সূচি এখনও চূড়ান্ত হয়নি। তার আগে আফগানিস্তানের সঙ্গে একটি টেস্ট এবং তিনটি এক দিনের ম্যাচ রয়েছে ভারতের। আফগানিস্তানের সঙ্গে তৃতীয় এক দিনের ম্যাচটি হবে ২০ জুন। ১ জুলাই ভারত-ইংল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ফলে মাঝের ১০ দিনের মধ্যেই হবে ভারত-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ়। অর্থাৎ ভারতের সাদা বলের ক্রিকেটারেরা বিশ্রাম নেওয়ার কোনও সুযোগই পাবেন না।

আয়ারল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পরই ইস্তফার ইচ্ছাপ্রকাশ করেছিলেন স্টার্লিং। আয়ারল্যান্ডের নতুন অধিনায়কের দৌড়ে রয়েছেন লোরকান টাকার এবং হ্যারি টেক্টর।

Advertisement
আরও পড়ুন