Yashasvi Jaiswal

পিঠে ব্যথা নিয়েও মাঠ ছাড়তে রাজি ছিলেন না যশস্বী, তবু কেন বাইরে গিয়েছিলেন?

মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন যশস্বী। পরে যদিও ফিরে এসে দ্বিশতরান করেন। তবে পিঠের চোট নিয়ে মাঠ ছাড়তে রাজি ছিলেন না তিনি। রাজকোট টেস্ট শেষে এমনটাই জানালেন ভারতের তরুণ ওপেনার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৫৬
Yashasvi Jaiswal

যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।

রাজকোট টেস্টে শতরান করার পর পিঠে টান লাগে যশস্বী জয়সওয়ালের। সেই কারণে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। পরে যদিও ফিরে এসে দ্বিশতরান করেন যশস্বী। তবে পিঠের চোট নিয়ে মাঠ ছাড়তে রাজি ছিলেন না তিনি। রাজকোট টেস্ট শেষে এমনটাই জানালেন ভারতের তরুণ ওপেনার।

Advertisement

২১৪ রান করে অপরাজিত থাকেন যশস্বী। তবে তাঁর যখন ১০৫ রান, সেই সময় পিঠে ব্যথা শুরু হয়। সেই চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন যশস্বী। তিনি বলেন, “টেস্ট ক্রিকেট খুবই কঠিন। তাই আমি চাই যত ক্ষণ ক্রিজ়ে থাকব, তত ক্ষণ নিজের ১০০ শতাংশ দেব। আমি মাঠ ছাড়তে চাইনি। কিন্তু ব্যথাটা মারাত্মক ছিল। পরের দিন দল কোন অবস্থায় থাকবে সেটা বুঝতে পারছিলাম না। অনেক কিছু মাথায় চলছিল। কিন্তু যখন আমি আবার মাঠে ফিরে আসি, নিজেকে ক্রিজ়ে থিতু হওয়ার সময় দিই, তখন বেশ ভাল লাগে।”

দ্বিশতরান করার মাঝে যশস্বী জেমস অ্যান্ডারসনকে পর পর তিনটি ছক্কা মারেন। এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত সব থেকে বেশি রান করেছেন তিনিই। ৮৬১ রান করা যশস্বী বলেন, “ক্রিজ়ে থিতু হয়ে যাওয়ার পর মনে হচ্ছিল রান করতে পারব। নিজের একটা পরিকল্পনা ছিল। সেই অনুযায়ী খেলি। তাতেই রান আসে। কিন্তু সত্যি ওই পিঠের ব্যথাটা মারাত্মক ছিল।”

যশস্বী জানান, তাঁর এই ধরনের ইনিংসের নেপথ্যে রয়েছেন কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মা। তাঁরা যে ভাবে বড় ইনিংস খেলতে যশস্বীকে উৎসাহ দেন, সেটা খুবই প্রয়োজন বলে জানান যশস্বী। তিনি বলেন, “আমি সব সময় রোহিত ভাই এবং দ্রাবিড় স্যরের সঙ্গে কথা বলি। জিজ্ঞেস করি কী ভাবে নিজেকে তৈরি করব। আমার মনে হয় সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি নিজেকে মানসিক ভাবে তৈরি করি এই ধরনের ইনিংস খেলার জন্য।”

Advertisement
আরও পড়ুন