Rishabh Pant With Yuvraj Singh

অভিষেক, শুভমনের পথে পন্থ! ছন্দে ফিরতে যুবরাজের পাঠশালায় ঋষভ

গত বার আইপিএলে ফর্মের ধারেকাছে ছিলেন না ঋষভ পন্থ। সামনে আবার আইপিএল। তার আগে যুবরাজ সিংহের কাছে গেলেন পন্থ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১০:৪১
cricket

যুবরাজ সিংহ (বাঁ দিকে) ও ঋষভ পন্থ। ছবি: এক্স।

কঠিন সময়ে যুবরাজ সিংহের উপরেই ভরসা করলেন ঋষভ পন্থ। গত বার আইপিএলে ফর্মের ধারেকাছে ছিলেন না পন্থ। সবচেয়ে বেশি টাকায় (২৭ কোটি) তাঁকে কিনেও ভুগতে হয়েছিল লখনউ সুপার জায়ান্টসকে। সামনে আবার আইপিএল। এ বার আর ঝুঁকি নিতে চাইছেন না পন্থ। তাই যুবরাজের কাছে গিয়েছেন তিনি।

Advertisement

মুম্বইয়ে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় অনুশীলন করছেন পন্থ। সেই অনুশীলনের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, নেটে ব্যাট করছেন পন্থ। পেসারেরা বল করছেন তাঁকে। মূলত বাঁহাতি পেসারদের বল খেলছেন পন্থ। আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে যুবরাজ।

পন্থের ব্যাটিং স্টান্সে বদল দেখা গিয়েছে। চেস্ট অন স্টান্সে (বাঁ পা আরও খানিকটা সরিয়ে) ব্যাট করছেন তিনি। তাতে লেগ সাইডে শট মারার ক্ষেত্রে সুবিধা হচ্ছে পন্থের। শুধু বড় শট নয়, নিজের ডিফেন্সের উপরেও নজর দিতে দেথা গিয়েছে তাঁকে। যুবরাজ একমনে পন্থের ব্যাটিং দেখছেন। পরে বেশ কিছু ক্ষণ তাঁদের কথা বলতেও দেখা যায়। সেখানে পন্থকে হাতের ইশারায় যুবরাজ বোঝাচ্ছেন, কোন বল কোথায় খেলতে হবে। বাধ্য ছাত্রের মতো তা শুনছেন পন্থ।

আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে থাকা অভিষেক যুবরাজেরই হাতে তৈরি। শুভমন গিলকেও কোচিং করিয়েছেন তিনি। আইপিএলের দুই উদীয়মান তারকা প্রভসিমরন সিংহ ও প্রিয়াংশ আর্যও গত আইপিএলের পর যুবরাজের সঙ্গে সময় কাটিয়েছেন। সেই পথেই এ বার পন্থ।

ভারতের টেস্ট দলে নিয়মিত হলেও সাদা বলের ক্রিকেটে ব্রাত্য হয়ে পড়েছেন পন্থ। এক দিনের দলে উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যায় লোকেশ রাহুলকে। টি-টোয়েন্টিতে সেই জায়গা দখল করে নিয়েছেন সঞ্জু স্যামসন। তিনি না থাকলে ঈশান কিশন রয়েছেন। এমন অবস্থা, কয়েক মাস আগে টি-টোয়েন্টি দলে নিয়মিত জিতেশ শর্মাও সুযোগ পাচ্ছেন না। এই পরিস্থিতিতে ভারতের সাদা বলের দলে ফেরা কঠিন পন্থের। সেই কারণেই আইপিএলকে পাখির চোখ করেছেন তিনি। আর তার আগে ছুটেছেন যুবরাজের কাছে।

Advertisement
আরও পড়ুন