পাকিস্তান ম্যাচের আগে ডাগ আউটে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলছেন রোহিত শর্মা। ছবি: পিটিআই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে মাঠে হাজির রোহিত শর্মা। খেলা শুরুর আগে ভারতীয় দলের ডাগ আউটে গেলেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন। হাত মেলালেন। সকলকে উৎসাহ দিলেন গত বারের বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক।
এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের বিপণন দূত রোহিত শর্মা। ফলে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে মাঠে দেখা গিয়েছে তাঁকে। ভারত-পাকিস্তান খেলা দেখতেও গিয়েছেন তিনি। খেলা শুরুর আগে দেখা যায়, ডাগ আউটের বাইরে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলছেন রোহিত। ঈশান কিশনকে জড়িয়ে ধরেন তিনি। নিজের অভিজ্ঞতা ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নেন। তাঁদের উৎসাহ দেন। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও সেখানে ছিলেন। তবে ডাগ আউটে নিজের আসনে বসেছিলেন তিনি। পাশে বসেছিলেন দলের অধিনায়ক সূর্যকুমারও।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন রোহিত। ২০০৭ সালের পর থেকে কুড়ি-বিশের বিশ্বযুদ্ধে ভারত দীর্ঘ দিন ট্রফি জেতেনি। রোহিতের হাতেই ঘটেছিল শাপমুক্তি। তিনি জানেন, কঠিন পরিস্থিতিতে কী ভাবে দলকে চাঙ্গা করতে হয়। সেই কাজ করতেই দেখা যায় তাঁকে।
এ বারের বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জিতেছে ভারত। তবে আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে চাপে পড়েছিল ভারতের ব্যাটিং। অধিনায়ক সূর্যকুমার যাদবের ইনিংস ভারতকে বাঁচায়। তবে দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে ভাল খেলে ভারত। পাকিস্তানের বিরুদ্ধেও জয়ের ধারা বজায় রাখতে চাইছে তারা। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে রোহিত উৎসাহ জোগালেন ভারতীয় ক্রিকেটারদের।