রোহিত শর্মা। —ফাইল চিত্র।
রোহিত শর্মা চান, ভারতের পুরুষ ও মহিলা দলের জয়ের ধারা বজায় থাকুক। তাঁর মতে, এক বার চ্যাম্পিয়ন হয়েই থেমে গেলে চলবে না। সেই কারণ সূর্যকুমার যাদব, হরমনপ্রীতদের জন্য নতুন চ্যালেঞ্জ দিয়েছেন রোহিত।
টি-টোয়েন্টি মুম্বই লিগের মুখ রোহিত। এই প্রতিযোগিতার উদ্বোধনে এসে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, “গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটে যে সাফল্য দেখেছি তাতে আমি খুব খুশি। একের পর এক সাফল্য পেয়েছি। শুধু পুরুষদের কথা বললে হবে না, মহিলাদের দলও দেশকে গর্বিত করেছে।”
রোহিত চান, সাফল্যের এই ধারা বজায় থাকুক। তিনি বলেন, “সম্প্রতি পুরুষদের দল দুর্দান্ত খেলেছে। গত বছর মহিলাদের দলও দেশের মাটিতে বিশ্বকাপ জিতেছে। আমার মতে, এখান থেকে পিছনে ফেরার কোনও জায়গা নেই। আমরা ছন্দের কথা বলি। সেই ছন্দ পুরুষ ও মহিলাদের দল পেয়ে গিয়েছে। এ বার তা বজায় রেখে এগিয়ে যেতে হবে। থামলে চলবে না।”
এই সাফল্যের নেপথ্যে ক্রিকেটারদের পাশাপাশি সাপোর্ট স্টাফেদেরও যে সমান ভূমিকা রয়েছে সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন রোহিত। তিনি বলেন, “পরিশ্রম ছাড়া সাফল্য আসে না। দুই দলই অসম্ভব পরিশ্রম করেছে। তার ফলে এই সাফল্য এসেছে। তবে নেপথ্যের লোকগুলোর কথা ভুললে চলবে না। ক্রিকেটারদের পিছনেও একটা দল থাকে। তারা খুব একটা কৃতিত্ব পায় না। কিন্তু সাফল্যের নেপথ্যে তাদের সমান ভূমিকা রয়েছে। কোচ ও সাপোর্ট স্টাফেদের ছাড়া কোনও দল বিশ্বজয় করতে পারে না।”
রোহিতের মতে, পরিশ্রমের পাশাপাশি ভাগ্যও প্রয়োজন হয়। কিন্তু কেউ যদি পরিশ্রম চালিয়ে যান, তা হলে তিনি সফল হবেনই। রোহিত বলেন, “আমাদের দেশে অনূর্ধ্ব-১৪ স্তর থেকেই প্রতিযোগিতা শুরু। সেখান থেকে সিনিয়র দলে জায়গার জন্য ভাগ্যেরও প্রয়োজন হয়। এমন অনেক ক্রিকেটার রয়েছে যারা প্রতিভাবান। কিন্তু ভাগ্য ভাল না হওয়ায় সুযোগ পায় না। কিন্তু একটা কথা বলব। লেগে থাকলে সাফল্য আসবেই। হয়তো দেরিতে আসবে। কিন্তু আসবেই।”