(বাঁ দিকে) গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব (ডান দিকে)। —ফাইল চিত্র।
অভিষেক শর্মাকে নিয়ে চিন্তায় ভারতীয় শিবির। রবিবার পাকিস্তান-ম্যাচেও সম্ভবত তিনি খেলতে পারবেন না। সলমন আলি আঘার দলের বিরুদ্ধে তাই ব্যাটিং অর্ডারে পরিবর্তন করার সুযোগ নেই সূর্যকুমার যাদবেরা। তবে নামিবিয়ার সঙ্গে খেলা প্রথম একাদশে পরিবর্তন হতে পারে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলছে পাকিস্তান। কলম্বোর ২২ গজে দু’টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে বাবর আজ়ম, শাহিন আফ্রিদিদের। পরিবেশ, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছেন তাঁরা। অন্য দিকে, ভারতীয় দল প্রথম দু’টি ম্যাচই খেলেছে দেশের মাটিতে। স্বভাবতই কলম্বোর ২২ গজে চরিত্র অনুযায়ী দল বেছে নিতে হবে গৌতম গম্ভীরদের। অলরাউন্ডারের সংখ্যা বাড়ানো হতে পারে দলে। ভারতীয় দলের অনুশীলন থেকে আন্দাজ করা হচ্ছে, প্রথম একাদশে দু’টি পরিবর্তন করতে পারে ভারত।
অভিষেকের খেলার সম্ভাবনা অত্যন্ত কম। এই পরিস্থিতিতে আগের দিনের ওপেনিং জুটিকেই মাঠে নামাবে ভারত। অর্থাৎ ঈশান কিশনের সঙ্গে ওপেন করবেন সঞ্জু স্যামসন। উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যাবে ঈশানকে। তিন নম্বরে ব্যাট করবেন তিলক বর্মা। পাকিস্তানের বিরুদ্ধেও ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ চার নম্বরে থাকবেন সূর্য। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে দেখা যাবে হার্দিক পাণ্ড্যকে। আগের দিন ব্যাট এবং বল হাতে সফল হয়েছেন তিনি। হার্দিককে বাদ দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ তৈরির প্রশ্নই নেই। ছয় নম্বরে নামবেন শিবম দুবে। হাতে বড় শট রয়েছে। ফিনিশারের দায়িত্ব দেওয়া হতে পারে তাঁকে। প্রয়োজনে বল হাতেও দলকে সাহায্য করতে পারবেন মুম্বইয়ের অলরাউন্ডার। সাত নম্বরে দেখা যেতে পারে সহ-অধিনায়ক অক্ষর পটেলকে। আট নম্বরে নামতে পারেন ওয়াশিংটন সুন্দর। তিনি প্রথম একাদশে আসবেন রিঙ্কু সিংহের জায়গায়। স্পিন বোলিং আক্রমণ শক্তিশালী করতেই প্রথম একাদশে নেওয়া হবে ওয়াশিংটনকে।
শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। খেলবেন কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী। বুমরাহের সঙ্গে জোরে বোলিং আক্রমণের দায়িত্ব সামলাবেন হার্দিক এবং শিবম। অক্ষর, বরুণের সঙ্গে স্পিন আক্রমণের দায়িত্বে থাকবেন ওয়াশিংটন এবং কুলদীপ। প্রয়োজনে তিলককেও ব্যবহার করতে পারবেন সূর্য।