India vs Pakistan

শনিবার পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে মহারণ, কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?

পাকিস্তান ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছে। অতিরিক্ত ব্যাটার না কি অতিরিক্ত বোলার খেলানো হবে, সেটাই আসল বিষয়। জল্পনা রয়েছে অতিরিক্ত স্পিনার খেলানো নিয়েও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ ০৯:২১
cricket

ভারত অধিনায়ক রোহিত শর্মা। — ফাইল চিত্র।

শনিবার পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে খেলতে নামবে ভারত। নেপালকে হারিয়ে প্রথম ম্যাচেই আত্মবিশ্বাসী পাকিস্তান। ফলে ভারতের বিরুদ্ধে বাড়তি তাগিদ নিয়ে নামবে তারা। দীর্ঘ দিন ধরেই এই ম্যাচ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। তবে ম্যাচের আগে সমর্থকদের একটাই প্রশ্ন, চূড়ান্ত দল কী হতে চলেছে? কে বাদ যাবেন, কে ঢুকবেন?

Advertisement

সবচেয়ে বেশি যে প্রশ্ন নিয়ে আলোচনা চলছে তা হল, কোন ফর্মুলা মেনে প্রথম একাদশ তৈরি করবে ভারত? দলে কি তিন পেসার রেখে হার্দিক পাণ্ড্যকে চতুর্থ পেসার হিসাবে খেলানো হবে? না কি দুই স্পিনার খেলানো হবে এবং অতিরিক্ত স্পিনারের ভূমিকা পালন করবেন রবীন্দ্র জাডেজা? প্রথম একাদশে এই একটি জায়গাই সমস্যার মূলে।

ওপেনিং জুটি নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। রোহিত শর্মা এবং শুভমন গিলই ওপেন করবেন। তবে ভারতীয় দল পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চাইলে ঈশান কিশনকে ওপেনে আনা হতে পারে রোহিতের সঙ্গে। সে ক্ষেত্রে শুভমন তিনে নামবেন। বিরাট কোহলি চারে এবং শ্রেয়স আয়ার পাঁচে। তবে ম্যাচটা পাকিস্তানের বিরুদ্ধে বলেই খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা হওয়ার সম্ভাবনা কম।

রোহিত-শুভমন ওপেন করলে কোহলির নামার কথা তিনেই। এক দিনের ক্রিকেটে এই পজিশনেই খেলে অভ্যস্ত ভারতের অধিনায়ক। তাই নিজের পছন্দের জায়গা তিনি বদল করতে চাইবেন না।

চার নম্বরে শ্রেয়স আয়ারও কার্যত নিশ্চিত। এখন তিনি পুরোপুরি ফিট। তা ছাড়া, কোচ রাহুল দ্রাবিড় আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে গত ১৮-১৯ মাস ধরে শ্রেয়সকেই চার নম্বরের জন্যে ভেবে আসা হয়েছে। পাঁচে নামবেন ঈশান। কেএল রাহুল দলে ফিরলে এই জায়গায় আসবেন। কিন্তু প্রথম দুই ম্যাচে তিনি না থাকায় ঈশানকেই উইকেটকিপিং এবং মিডল অর্ডার সামলানোর ভার রক্ষা করতে হবে।

হার্দিক নামবেন ছয়ে। মিডল অর্ডারের এই পজিশনে খেলে তিনি ইতিমধ্যেই পরীক্ষিত। তাই অসুবিধা হওয়ার কথা নয়। জাডেজা অলরাউন্ডার হিসাবে দলে থাকছেন। তিনি সাতে নামবেন।

probable xi india

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

এর পরেই আসছে জটিল অঙ্ক। ভারত যদি হার্দিক এবং জাডেজা দু’জনকে দিয়ে ১০ ওভার করাতে পারে, তা হলে তিন বোলার খেলালেই চলবে। সে ক্ষেত্রে অতিরিক্ত এক জন ব্যাটার খেলাতে পারবে ভারত। তখন সূর্যকুমার যাদব দলে আসবেন। তিনি নামতে পারেন হার্দিকের আগে বা পরে।

যদি ভারত জাডেজার পাশাপাশি আরও এক জন স্পিনার অলরাউন্ডার খেলায়, তা হলে দলে আসবেন অক্ষর পটেল। ক্যান্ডির মাঠে স্পিনারদের দাপট থাকেই। তাই তিন স্পিনার খেলানোর সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে অক্ষরের দলে থাকার সম্ভাবনাই বেশি। তিনি খেললে ব্যাটিং অর্ডারে আটে নামবেন।

ভারতীয় দলে তিন বোলার যশপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং কুলদীপ যাদব। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে বুমরা ১০ ওভার বল করতে পারবেন কি না। কিন্তু বুমরাকে এখনও পর্যন্ত কোনও অস্বস্তিতে মনে হয়নি। আয়ারল্যান্ড সিরিজ়েও ভাল বল করেছেন। তিনি পুরো ১০ ওভার করতে পারবেন ধরে নিয়েই এশিয়া কাপের দল তৈরি হয়েছে। তাই সমস্যা হওয়ার কথা নয়। তবে বুমরার সঙ্গে শামিকে রাখলে বাদ পড়বেন মহম্মদ সিরাজ়‌। তাঁকে নেপাল ম্যাচে খেলানো যেতে পারে।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত, শুভমন, বিরাট, শ্রেয়স, ঈশান, হার্দিক, জাডেজা, অক্ষর, বুমরা, শামি এবং কুলদীপ।

Advertisement
আরও পড়ুন