ICC T20 World Cup 2026

এক বিশ্বকাপ থেকে আর এক বিশ্বকাপ! ৮২৬ দিন পর সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই আবার হোঁচট খেল ভারত

আইসিসি প্রতিযোগিতায় ৮২৬ দিন ধরে অপরাজিত ছিল ভারত। রবিবার দক্ষিণ আফ্রিকার কাছে হারায় সেই রেকর্ড ভাঙল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৭
cricket

(বাঁ দিকে) ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ ফাইনালে হারের পর রোহিত শর্মা। রবিবার দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর সূর্যকুমার যাদব (ডান দিকে)। —ফাইল চিত্র।

২০২৩ সালের ১৯ নভেম্বর থেকে ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি। মাঝে ৮২৬ দিন ধরে আইসিসি প্রতিযোগিতায় অপরাজিত ছিল ভারত। রবিবার দক্ষিণ আফ্রিকার কাছে হারায় সেই রেকর্ড ভাঙল। ঘটনাচক্রে যে মাঠে আইসিসি প্রতিযোগিতায় ভারত শেষ বার হেরেছিল, সেই মাঠেই রেকর্ড ভাঙল তাদের।

Advertisement

২০২৩ সালে ভারতের মাটিতে হয়েছিল এক দিনের বিশ্বকাপ। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত টানা ১০ ম্যাচ জিতেছিল রোহিত শর্মার ভারত। সকলেই ভেবেছিলেন, দেশের মাটিতে আরও এক বার বিশ্বচ্যাম্পিয়ন হবে ভারত। কিন্তু ১৯ নভেম্বর অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। স্বপ্নভঙ্গ হয়েছিল রোহিতের। ঘটনাচক্রে ভারতের হার মাঠে বসে দেখেছিলেন প্রধানমন্ত্রী মোদী, যাঁর নামাঙ্কিত সেই স্টেডিয়াম।

সেই স্বপ্নভঙ্গের পর থেকে আইসিসি প্রতিযোগিতায় দাপট দেখিয়েছে ভারত। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে আট ম্যাচ খেলে আটটিতেই জিতেছেন রোহিতেরা। হয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন। তার পর ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাঁচ ম্যাচের পাঁচটিতে জিতেছে ভারত। সেই প্রতিযোগিতাও চ্যাম্পিয়ন হয়েছে রোহিতের ভারত।

এ বার ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ পর্বে চার ম্যাচের চারটিই জিতেছিলেন সূর্যকুমার যাদবেরা। অর্থাৎ, টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ১২ ও সব মিলিয়ে আইসিসি প্রতিযোগিতায় টানা ১৭ ম্যাচ জিতেছিল ভারত। কিন্তু ৮২৬ দিন পর সেই অহমদাবাদের মাঠেই আরও এক বার হারতে হল তাদের।

জয়রথ থামলেও আইসিসি প্রতিযোগিতায় টানা জয়ের নিরিখে বিশ্বরেকর্ড ভারতেরই দখলে। ২০২৩-২০২৬ সালের মধ্যে টানা ১৭ ম্যাচ আর কোনও দল জিততে পারেনি। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ২০০৬-২০০৭ সালের মধ্যে টানা ১৫, ২০২৩-২০২৪ সালের মধ্যে টানা ১৪ ও ২০০২-২০০৪ সালের মধ্যে টানা ১৩ ম্যাচ জিতেছিল তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা সর্বাধিক ম্যাচে জেতার রেকর্ডও ভারতের দখলে। ২০২২ সালের বিশ্বকাপ সেমিফাইনালে হারের পর থেকে রবিবার পর্যন্ত টানা ১২ ম্যাচ জিতেছে তারা। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা যৌথ ভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ৮ ম্যাচ জয়ের নজির রয়েছে তাদের।

Advertisement
আরও পড়ুন