IPL 2026

বিতর্ক দিয়ে শুরু আইপিএল, বেঙ্গালুরু-হায়দরাবাদ ম‍্যাচে প্রশ্ন ক্লাসেনের আউট নিয়ে, আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ

ফিল সল্টের ধরা ক্যাচটির ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। কয়েকটি কোণ থেকে মনে হয়েছে, হাতে বল ধরা অবস্থায় সল্টের পা বাউন্ডারির লাইনের দড়ি স্পর্শ করেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১১:২৮
picture of cricket

হেনরিখ ক্লাসেনের আউট নিয়ে প্রশ্ন। ছবি: পিটিআই।

বিতর্ক দিয়ে শুরু আইপিএল। বিতর্কের কেন্দ্রে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ফিল সল্টের ধরা একটি ক্যাচ। বাউন্ডারি লাইনে সল্ট ক্যাচটি ঠিক মতো ধরেছেন কিনা, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

Advertisement

ঘটনাটি সানরাইজার্স হায়দরাবাদের ইনিংসের ১৪তম ওভারের। রোমারিও শেফার্ডের বল পুল করেন হেনরিখ ক্লাসেন। মিড উইকেট বাউন্ডারিতে ফিল্ডার ছিলেন সল্ট। বল তালুবন্দি করার পর সল্টের পা বাউন্ডারি লাইনের দড়ি স্পর্শ করেছিল বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। সল্টের পা যে সময় দড়ি স্পর্শ করেছিল বলে মনে করা হচ্ছে, সে সময় বল ছিল তাঁর হাতেই। অনুমান সত্যি হলে, নিয়ম অনুযায়ী ছয় রান পেতেন ক্লাসেন। কিন্তু হায়দরাবাদের ব্যাটারকে আউট দেন তৃতীয় আম্পায়ার।

সল্টের ধরা ক্যাচটির ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। কয়েকটি কোণ থেকে মনে হয়েছে হাতে বল ধরা অবস্থায় সল্টের পা দড়ি স্পর্শ করেছে। দড়িতে থাকা বিজ্ঞাপনের কুশন নড়েছে বলে মনে হয়েছে। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে সিদ্ধান্ত নিলেও তৈরি হয়েছে প্রশ্ন। বেঙ্গালুরু সমর্থকদের একাংশও ক্লাসেনের আউটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন।

প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও। তিনি বলেছেন, ‘‘সল্টের বা বাউন্ডারি লাইনের কুশন স্পর্শ করেছে বলেই মনে হয়েছে আমার। জানি না পরিষ্কার দেখতে পাওয়ার পরও কী করে আউটের সিদ্ধান্ত দেওয়া হল। সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া উচিত এ ধরনের ক্ষেত্রে।

শনিবারের ম্যাচে ২২ বলে ৩১ রান করেন ক্লাসেন। আউট হওয়ার আগে মারেন ২টি চার এবং ১টি ছয়। তৃতীয় উইকেটের জুটিতে ঈশান কিশনের সঙ্গে যোগ করেন ৯৭ রান। তৃতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে শেষ হয় তাঁদের আগ্রাসী জুটি।

Advertisement
আরও পড়ুন