আয়ারল্যান্ডের এক দিনের দলের অধিনায়ক পল স্টার্লিং। ছবি: এক্স।
ইচ্ছা না হলে খেলার দরকার নেই। ক্রিকেটারদের এমনটাই জানিয়ে দিল আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। অগস্ট মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে পাঁচটি এক দিনের ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। সেই সিরিজ়ের আগে নিজেদের দেশের ক্রিকেটারদের প্রস্তাব দিয়েছে আয়ারল্যান্ড বোর্ড। চাইলে সেই সিরিজ়ে না-ও খেলতে পারেন আইরিশ ক্রিকেটারেরা।
আফগানিস্তানের বিরুদ্ধে এই সিরিজ়ে আপত্তি জানিয়েছেন আয়ারল্যান্ড বোর্ডের অনেকে। আপত্তি রয়েছে ক্রিকেটারদেরও। তার একটিই কারণ। তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে সে দেশে মহিলাদের ক্রিকেট খেলার অধিকার নেই। মহিলা ক্রিকেট দলকে নিষিদ্ধ করা হয়েছে। দলের প্রায় সকল ক্রিকেটার অস্ট্রেলিয়ায় থাকেন। কেউ কেউ অন্য দেশে লুকিয়ে রয়েছেন।
লিঙ্গবৈষম্যের কারণে আয়ারল্যান্ডের অনেকে এই সিরিজ় খেলতে চাননি। ঠিক যেমনটা খেলতে চায়নি অস্ট্রেলিয়া। আফগানিস্তান সিরিজ় বয়কট করেছিল তারা। যদিও আইসিসি প্রতিযোগিতায় প্যাট কামিন্সদের খেলতে হয়েছে রশিদ খানদের বিরুদ্ধে। ঠিক একই ভাবে ইংল্যান্ডও আয়ারল্যান্ডকে বয়কট করেছে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দল মুখোমুখি হয়েছে।
আয়ারল্যান্ডের পুরুষদের ক্রিকেট দলের হাই পারফরম্যান্স ডিরেক্টর গ্রেম ওয়েস্ট জানিয়েছেন, ক্রিকেটারেরা চাইলে সরে দাঁড়াতে পারেন। তিনি বলেন, “আমার সঙ্গে পুরুষ ও মহিলা ক্রিকেটারদের কথা হয়েছে। ওরা নিজেদের কথা বলেছে। ওদের বলেছি, কারও যদি আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে ইচ্ছা নয়, তা হলে সে বাইরে বসতে পারে। এতে কোনও সমস্যা নেই।”
আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে প্রথম মহিলা হিসাবে সারা কিনকে চিফ এগজ়িকিউটিভ পদে বসিয়েছে আয়ারল্যান্ড বোর্ড। তিনি জানিয়েছেন, গত সপ্তাহ বোর্ডে দেড় ঘণ্টার বৈঠকে একটি বিষয় নিয়েই কথা হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে তাঁরা খেলবেন কি না। শেষ পর্যন্ত সিরিজ় খেলতে রাজি হয়েছে আয়ারল্যান্ড। কিন্তু বোর্ডের সকলে তাতে সায় দেননি।
সারা বলেন, “আমরা রাজি হয়েছি ঠিকই, কিন্তু একটা অস্বস্তি রয়েছে। যে দেশে মহিলাদের খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখার কোনও অধিকার নেই, সেই দেশের বিরুদ্ধে অনেকে খেলতে চায় না। আমাদের বোর্ডের ৪০ শতাংশ সদস্য মহিলা। তাই বিষয়টা হালকা ভাবে নিলে হবে না। কিন্তু আর্থিক দিকটাও দেখতে হবে। তাই সিরিজ়ে রাজি হয়েছি আমরা।”
৫ অগস্ট থেকে শুরু হবে সিরিজ়। বাকি চারটি ম্যাচ হবে ৭, ১০, ১২ ও ১৪ অগস্ট। প্রতিটি খেলাই হবে উত্তর আয়ারল্যান্ডের শহর ব্রিডিতে। এখন দেখার, এই সিরিজ়ে আয়ারল্যান্ডের প্রথম দলের কত জন ক্রিকেটার খেলেন।