Jai Moondra

ছ’মাস আগেও চাকরি খুঁজছিলেন, আয়ারল‍্যান্ডের সেই রাজস্থানি পেসারের হাতেই গুঁড়িয়ে গেল বিশ্বচ্যাম্পিয়ন ভারতের ব্যাটিং

দু’ম্যাচে ৫ উইকেট নিয়ে হয়েছেন সিরিজ়ের সেরা। তাঁর বাঁহাতি পেস সামলাতে পারেননি ভারতীয় ব্যাটারেরা। অথচ ছ’মাস আগেও চাকরি খুঁজছিলেন সেই পেসার জয় মুন্দ্রা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১১:৩০
cricket

সিরিজ় জিতে সমর্থকদের সঙ্গে নিজস্বী জয় মুন্দ্রার। ছবি: এক্স।

জন্ম রাজস্থানে। এখনও তাঁর পাসপোর্টে ভারত সরকারের স্ট্যাম্প। অথচ খেলেন আয়ারল্যান্ডের হয়ে। আয়ারল্যান্ডের সেই রাজস্থানি পেসার জয় মুন্দ্রার হাতে গুঁড়িয়ে গিয়েছে ভারতের বিশ্বচ্যাম্পিয়ন ব্যাটিং আক্রমণ। দু’ম্যাচে ৫ উইকেট নিয়ে সিরিজ়ের সেরা হয়েছেন তিনি। অথচ, ছ’মাস আগে খেলার সঙ্গে কোনও সম্পর্কই ছিল না তাঁর। হন্যে হয়ে খুঁজছিলেন চাকরি।

Advertisement

২০২১ সালে আয়ারল্যান্ডে যান জয়। সেখানে ইলেকট্রনিকস ও কমিউনিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি পান। তার পর সেখানেই একটি সংস্থায় চাকরি শুরু করেন তিনি। কিন্তু ২০২৫ সালের জুন মাসে সেই চাকরি ছেড়ে দেন জয়। তার পর থেকে চাকরি খুঁজছিলেন ২৯ বছরের পেসার।

জয়ের লিঙ্কডিন প্রোফাইলে দেখা যাচ্ছে, তিনি আয়ারল্যান্ড ও ইউরোপের অন্যান্য দেশে চাকরি খুঁজছিলেন। যে কোনও ধরনের চাকরির জন্য তৈরি ছিলেন তিনি। তখনও হয়তো জয় জানতেন, না ভবিষ্যতে কী অপেক্ষা করছে।

রাজস্থানে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। কিন্তু সংসার চালাতে সেই স্বপ্ন ফেলে ছুটতে হয় আয়ারল্যান্ডে। অবসর সময়ে ক্রিকেট খেলতেন। কিন্তু তা শখে। স্থানীয় একটি ম্যাচে তাঁর উপর নজর পড়ে আয়ারল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে যুক্ত এক কর্তার। তিনি ডেকে পাঠান জয়কে। তার পর ঝড়ের গতিতে উত্থান তাঁর। প্রথম দলের কয়েক জন বোলার চোটে থাকায় ভারতের বিরুদ্ধে অভিষেক। আর অভিষেক সিরিজ়েই সেরার পুরস্কার।

প্রথম ম্যাচেই জয়ের লাইন ও লেংথ সমস্যায় ফেলেছিল ভারতকে। আউট করেছিলেন সঞ্জু স্যামসন ও শিবম দুবেকে। দ্বিতীয় ম্যাচে ভারতের ব্যাটিং আক্রমণের ভিত নড়িয়ে দেন জয়। প্রথম ওভারেই দুই ওপেনার সঞ্জু ও অভিষেক শর্মাকে শূন্য রানে আউট করেন তিনি। তার পরে আউট করেন অধিনায়ক শ্রেয়স আয়ারকে। সেই ধাক্কা সামলাতে পারেনি ভারত। চুনকাম হয়েছে তারা। এই সিরিজ়ের পর আয়ারল্যান্ড দলে জয়ের জায়গা যে পাকা তা স্পষ্ট।

সিরিজ়ের সেরা হওয়ার পর জয় জানিয়েছেন, তিনি স্বপ্নেও ভাবেননি এমনটা হতে পারে। জয় বলেন, “এখনও ভাবতে পারছি না যে, ভারতের বিরুদ্ধে সিরিজ়ের সেরা হয়েছি। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড আমার উপর ভরসা দেখিয়েছে। সেই ভরসার দাম দিতে পেরেছি। বিশ্বের সেরা ব্যাটারদের সামনে খুব বেশি বৈচিত্রের চেষ্টা করিনি। ঠিক জায়গায় বল রেখেছি। আমার শক্তি অনুযায়ী বল করেছি। তাতেই সফল হয়েছি।”

অথচ ছ’মাস আগেও চাকরি খুঁজছিলেন জয়। ভাবছিলেন, নিজের জীবনটা গুছিয়ে নিতে হবে। সেই জয়ের হাতেই ধাক্কা খেল শ্রেয়স আয়ারের অধিনায়ক হিসাবে অভিষেক। পর পর দু’বারের বিশ্বজয়ীদের ব্যাটিং আক্রমণ নিয়ে প্রশ্ন তুলে দিলেন আয়ারল্যান্ডের রাজস্থানি পেসার।

Advertisement
আরও পড়ুন