IPL 2026

১ কোটি টাকা বাড়তি পেলেন ঈশান, জানা গেল আইপিএলের মাঝে কে টাকা দিলেন হায়দরাবাদের ক্রিকেটারকে

ঝাড়খণ্ডের হয়ে ঘরোয়া ক্রিকেট খেললেও ঈশান কিশনের জন্ম অবিভক্ত বিহারে। তাঁর ছোটবেলা কেটেছে পাটনায়। ঈশানের জন্মও বিহারের নওয়াডা জেলায়। এখন অবশ্য তিনি রাঁচির বাসিন্দা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১২:৪২
picture of cricket

ঈশান কিশন। —ফাইল চিত্র।

আইপিএলের মাঝে অর্থপ্রাপ্তি ঈশান কিশনের। সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটার বাড়তি ১ কোটি টাকা পেলেন। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে অবদানের জন্য উইকেটরক্ষক-ব্যাটারকে পুরস্কার দিল বিহার সরকার। শুক্রবার ঝাড়খণ্ডের ক্রিকেটারকে ১ কোটি টাকা দেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি।

Advertisement

ঘরোয়া ক্রিকেটে ঝাড়খণ্ডের হয়ে খেললেও ঈশানের জন্ম অবিভক্ত বিহারে। তাঁর ছোটবেলা কেটেছে পাটনায়। ঈশানের জন্মও বিহারের নওয়াডা জেলায়। আইপিএলের ব্যস্ততার মধ্যেও শুক্রবার পাটনায় গিয়ে বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ঈশান। সম্রাট নিজে তাঁকে অফিসে স্বাগত জানান। তার পর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিহারের ভূমিপুত্রের হাতে ১ কোটি টাকার চেক এবং স্মারক তুলে দেন।

সমাজমাধ্যমে ২৭ বছরের ক্রিকেটারকে ‘বিহারের ভূমিপুত্র’ বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। সম্রাট লিখেছেন, ‘‘২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ঈশান কিশন দুর্দান্ত ব্যাটার এবং বিহারের ভূমিপুত্র। তাঁকে সম্মানিত করল বিহার সরকার। বিশ্বজয়ে গুরুত্বপূর্ণ অবদানের পুরস্কার হিসাবে ঈশানকে ১ কোটি টাকার চেক দেওয়া হয়েছে।’’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ন’ম্যাচে ৩১৭ রান করেছিলেন ঈশান। তিনি ছিলেন ভারতীয় দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। পাকিস্তানের বিরুদ্ধে ৪০ বলে ৭৭ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়েও ভাল ফর্মে রয়েছেন আইপিএলে। ১২টি ম্যাচে ৪২০ রান করেছেন। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে প্রথম কয়েকটি ম্যাচে হায়দরাবাদকে নেতৃত্বও দেন ঈশান।

Advertisement
আরও পড়ুন