IPL 2026

আইপিএলেও বিশ্বকাপের ছন্দে ঈশান, ব্যর্থ অভিষেক, নজর কাড়ল সল্টের দুই ক্যাচ, বেঙ্গালুরুর বিরুদ্ধে ২০১/৯ তুলল হায়দরাবাদ

গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ছন্দে ছিলেন। সেখান থেকেই শুরু করলেন ঈশান কিশন। আইপিএলের প্রথম ম্যাচে ৮০ রানের ইনিংস এল তাঁর ব্যাট থেকে। অধিনায়কত্ব পেয়েও তাঁর প্রভাব পড়েনি ঈশানের ব্যাটিংয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ২১:২৭
cricket

মারমুখী ঈশান কিশন (ডান দিকে)। ছবি: পিটিআই।

গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ছন্দে ছিলেন। সেখান থেকেই শুরু করলেন ঈশান কিশন। আইপিএলের প্রথম ম্যাচে ৮০ রানের ইনিংস এল তাঁর ব্যাট থেকে। অধিনায়কত্ব পেয়েও তাঁর প্রভাব পড়েনি ঈশানের ব্যাটিংয়ে। তবে অভিষেক শর্মা আবারও ব্যর্থ হলেন। এ দিন নজর কেড়ে নিয়েছে ফিল সল্টের দু’টি ক্যাচ। টসে হেরে প্রথমে ব্যাট করে ২০১/৯ তুলেছে হায়দরাবাদ।

Advertisement

ট্রেভিস হেড এবং অভিষেকের জুটি গত দু’টি মরসুম ধরেই ঝোড়ো গতিতে রান তোলার জন্য বিখ্যাত হয়েছে। তবে এই আইপিএলের প্রথম ম্যাচে দু’জনেই ব্যর্থ। অভিষেককে শুরু থেকেই নড়বড়ে লাগছিল। জেকব ডাফির প্রথম ওভারে তিনি ভাল খেলতে পারেননি। তৃতীয় ওভারের প্রথম বলেই আউট হন তিনি। ডাফির বলে পুল করতে গিয়েছিলেন। ব্যাটের কানায় লেগে বল উঠে যায়। ক্যাচ ধরেন জিতেশ শর্মা।

ফিরে যান হেডও। তিনি দু’টি চার মেরে শুরু করেছিলেন ভালই। তবে ডাফির ওই ওভারেই ফিরে যান তিনি। সফল হননি নীতীশ রেড্ডিও (৯)। এই অবস্থায় হাইনরিখ ক্লাসেনের সঙ্গে জুটি বেধে হায়দরাবাদের হাল ধরেন ঈশান। যে বেঙ্গালুরুর বোলিংকে ভয়ঙ্কর মনে হচ্ছিল তাকেই পাড়ার স্তরে নামিয়ে আনেন তিনি।

চতুর্থ উইকেটে ৯৭ রানের জুটি হয় এই দুই ব্যাটারের। ক্লাসেন বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছিলেন। এই ম্যাচে দেখালেন, তাঁর আগ্রাসন একটুও কমেনি। দু’টি চার এবং একটি ছয়ের সাহায্যে ২২ বলে ৩১ করেন তিনি। এই জুটিতে তিনি ঈশানকেই বেশি খেলতে দিয়েছেন। তবে আউট হলেন বিতর্কিত ভাবে। রোমারিয়ো শেফার্ডের বল তুলে মেরেছিলেন। বাউন্ডারির ধারে ক্যাচ নেন সল্ট। ক্যাচ ধরার সময় সল্টের পা বাউন্ডারির দড়িতে লেগেছে কি না তা নিয়ে দীর্ঘ রিপ্লে চলে। শেষ পর্যন্ত আম্পায়ার আউট দেন ক্লাসেনকে। প্রোটিয়া ব্যাটার তা বিশ্বাসই করতে পারেননি।

ঈশানকে দেখে মনে হচ্ছিল তাঁর ব্যাট থেকে শতরান আসতে চলেছে। কিন্তু সল্টের আর একটি ভাল ক্যাচে আউট হন তিনি। অভিনন্দন সিংহের ফুলটস বলে মেরেছিলেন পয়েন্টের দিকে। ঝাঁপিয়ে পড়ে এক হাতে দুরন্ত ক্যাচ নেন সল্ট।

নিয়মিত উইকেট হারালেও হায়দরাবাদ ২০০ পেরোলো অনিকেত বর্মার সৌজন্যে। সাতে নেমে তিনি ১৮ বলে ঝোড়ো ৪৩ রান করে যান। মেরেছেন তিনটি চার এবং চারটি ছয়।

Advertisement
আরও পড়ুন