IPL 2026

বুমরাহ দলে যোগ দিলেও সমস্যায় মুম্বই, দুই ক্রিকেটারকে কেকেআর ম্যাচে পাবেন না হার্দিকেরা

রবিবার কলকাতার বিরুদ্ধে আইপিএলের ম্যাচে খেলতে নামবে মুম্বই। তার আগে ধাক্কা খেল হার্দিক পাণ্ড্যের দল। দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে কেকেআর ম্যাচে পাবে না তারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ২০:১৯
cricket

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

রবিবার কলকাতার বিরুদ্ধে আইপিএলের ম্যাচে খেলতে নামবে মুম্বই। তার আগে ধাক্কা খেল হার্দিক পাণ্ড্যের দল। দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে কেকেআর ম্যাচে পাবে না তাঁরা। তবে জসপ্রীত বুমরাহকে নিয়ে চিন্তা কমেছে। তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন।

Advertisement

কেকেআর ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে দুই ক্রিকেটারের অনুপস্থিতির কথা জানান মুম্বই কোচ মাহেলা জয়বর্ধনে। তিনি বলেন, “মিচ এবং জ্যাকসি ব্যক্তিগত কারণে দলে যোগ দেওয়ার জন্য আর একটু সময় চেয়েছে। আমরা খুশি মনেই সেই সময় দিয়েছি। দ্রুত ওরা দলের সঙ্গে যোগ দেবে। ঠিক কবে আসবে বলতে পারছি না। জানলেও সেটা বলা ঠিক নয়। তবে সত্যি বলতে, দলে যারা আছে তাদের নিয়ে আমরা খুশি।” দুই ক্রিকেটারের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ়ের মিডল অর্ডার ব্যাটার শেরফানে রাদারফোর্ডকে খেলাতে পারে মুম্বই।

এ দিকে, বোর্ডের উৎকর্ষ কেন্দ্র থেকে ফিরে শিবিরে যোগ দিয়েছেন বুমরাহ। তিনি শনিবার অনুশীলনও করেছেন। শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য উৎকর্ষ কেন্দ্রে গিয়েছেন বলে জানা গিয়েছে। গত বছর পিঠের চোটের কারণে প্রথম চারটি ম্যাচ খেলতে পারেননি বুমরাহ। এ বার তাঁর ধকল নিয়ন্ত্রণের দিকে বাড়তি নজর রাখা হচ্ছে। গত বার ১২টি ম্যাচে ১৮টি উইকেট নিয়েছিলেন বুমরাহ।

২০১২-র পর থেকে আইপিএলের প্রথম ম্যাচ জেতেনি মুম্বই। তবে ওয়াংখেড়েতে কেকেআরের বিরুদ্ধে তাদের রেকর্ড খুবই ভাল। ১২টির মধ্যে ১০টি ম্যাচ জিতেছে তারা।

Advertisement
আরও পড়ুন