ICC Rankings

টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষচ্যুত রুট, আফগানিস্তানের বিরুদ্ধে না খেলেও এক নম্বরে বুমরাহ এবং জাডেজা

টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় ভারতীয়দের মধ্যে সবচেয়ে এগিয়ে শুভমন গিল। আট নম্বরে রয়েছেন শুভমন। তিনি দু’ধাপ এগিয়ে টপকে গিয়েছেন যশস্বী জয়সওয়ালকে। এক ধাপ পিছিয়ে তিনি ন’নম্বরে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১৯:০৯
picture of cricket

(বাঁ দিকে) রবীন্দ্র জাডেজা এবং জসপ্রীত বুমরাহ (ডান দিকে)। —ফাইল চিত্র।

শীর্ষ স্থান হারালেন জো রুট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) টেস্ট ব্যাটারদের যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে দু’ধাপ নেমে গিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার। এক নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের এক দিনের দলের অধিনায়ক হ্যারি ব্রুক। আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করার সুবাদে ক্রমতালিকায় এগিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিলও।

Advertisement

ইংল্যান্ড-নিউ জ়িল্যান্ড প্রথম টেস্ট এবং ভারত-আফগানিস্তান টেস্টের পর নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে আইসিসি। লর্ডসে ব্যর্থতার জন্য শীর্ষ স্থান হারিয়েছেন রুট। তিনি ৮৫১ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। ৫৬ রানের ইনিংস খেলা ব্রুক এক ধাপ এগিয়ে শীর্ষে চলে এসেছেন। তাঁর রেটিং ৮৬৯। এক ধাপ এগিয়ে ব্যাটারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। তাঁর রেটিং ৮৫৩। চার নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। তাঁর রেটিং ৯৩১। এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। ৭৮১ রেটিং তাঁর।

ভারতীয়দের মধ্যে সবচেয়ে এগিয়ে শুভমন। ৭৪৩ রেটিং নিয়ে ক্রমতালিকায় আট নম্বরে শুভমন। তিনি দু’ধাপ এগিয়ে টপকে গিয়েছেন যশস্বী জয়সওয়ালকে। এক ধাপ নেমে এখন ন’নম্বরে। যশস্বীর রেটিং ৭৩৩। ভারতীয়দের মধ্যে তৃতীয় ঋষভ পন্থ। এক ধাপ এগিয়ে ৭০৫ রেটিং নিয়ে ১২ নম্বরে রয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার।

আফগানিস্তানের বিরুদ্ধে না খেললেও টেস্ট বোলারদের ক্রমতালিকায় এক নম্বর জায়গা ধরে রেখেছেন জসপ্রীত বুমরাহ। বিশ্বের অন্যতম সেরা বোলারের রেটিং ৮৭০। প্রথম ১০-এ ভারতের আর কেউ নেই। একই কথা প্রযোজ্য রবীন্দ্র জাডেজার ক্ষেত্রেও। আফগানিস্তানের বিরুদ্ধে না খেলেও টেস্ট অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন তিনি। জাডেজার রেটিং ৪৪৬। এই তালিকায় ২৪৪ রেটিং নিয়ে নয় নম্বরে ওয়াশিংটন সুন্দর। দু’ধাপ এগিয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন