IPL 2026

পাঁচ ম্যাচে হার থেকে আইপিএলের শেষ দিন পর্যন্ত লড়াই, দলের মানসিকতায় গর্বিত কেকেআর অধিনায়ক রাহানে

আইপিএলের প্রথম ছ’টি ম্যাচের একটিতেও জিততে পারেনি কেকেআর। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে যে ভাবে বাকি আটটির মধ্যে ছ’টি ম্যাচ জিতেছে কেকেআর, তাতে গর্বিত অধিনায়ক অজিঙ্ক রাহানে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ০০:০৮
cricket

অজিঙ্ক রাহানে। — ফাইল চিত্র।

আইপিএলের প্রথম ছ’টি ম্যাচের একটিতেও জিততে পারেনি কেকেআর। পাঁচটিতে হেরেছিল। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে যে ভাবে বাকি আটটির মধ্যে ছ’টি ম্যাচ জিতেছে কেকেআর, তাতে গর্বিত অধিনায়ক অজিঙ্ক রাহানে। প্রশংসা করলেন দলের মানসিকতার।

Advertisement

রবিবার হারের পর রাহানে বলেন, “প্রথম ছয় ম্যাচের পর আমরা যে জায়গায় ছিলাম এবং সেখান থেকে যে ভাবে ঘুরে দাঁড়িয়েছি, লিগে টিকে থেকেছি এবং সাহসী ক্রিকেট খেলেছি, তাতে আমাদের মানসিকতা এবং জেদের পরিচয় সকলেই দেখতে পেয়েছেন। দলের সকলকে নিয়ে আমি গর্বিত।”

রাহানের সংযোজন, “অনেক ইতিবাচক দিয়ে নিয়ে মরসুমটা শেষ হল। মরসুমের প্রথমার্ধে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত আমরা কাজে লাগাতে পারিনি। সেখান থেকে ফিরে আসা সহজ ছিল না। আইপিএল লম্বা প্রতিযোগিতা। অনেক চাপের মুহূর্ত তৈরি হয়। তার পরেও আমরা শক্তিশালী থেকেছি, প্রতিটা ম্যাচে কঠোর মানসিকতা এবং চারিত্রিক দৃঢ়তা বজায় রেখেছি এবং দলের জন্য নিজের সেরাটা দিয়েছি। সাজঘরে প্রত্যেকে খুশি ছিলাম। দলের সকলে নিজেদের সেরাটা দিয়েছি। মরসুমটা আমাদের জন্য ভাল যায়নি ঠিকই। সেটা নিয়ে আমি হতাশও। কিন্তু সকলে যে লড়াইটা করেছে তার জন্য গর্বিত।”

দিল্লির বিরুদ্ধে ইডেনের এই পিচে রান তাড়া করা সহজ ছিল না বলে মনে করেন রাহানে। বলেছেন, “পিচটা একটু কঠিন ছিল শুরুর দিকে। আমি ভাল ব্যাট করছিলাম। চাইছিলাম অন্তত একজন ব্যাটার ক্রিজ়ে টিকে থাকুক। তাই ঝুঁকিও নিচ্ছিলাম এবং খুচরো রানেও ভরসা রেখেছিলাম।”

রাহানে জানিয়েছেন, কিছু দিন বিরতির পর আবার সকলের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। কেকেআর অধিনায়কের কথায়, “অনেকেরই বিভিন্ন দায়বদ্ধতা রয়েছে। আপাতত সকলে শান্তিতে বাড়ি ফিরব। কিছুটা বিরতি নেব এবং তার পর একে অপরের সঙ্গে ফোনে কথা বলব ও ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করব।”

রাহানের অবশ্য বেশি বিশ্রাম নেওয়ার উপায় নেই। কিছু দিন পরেই নেমে পড়বেন মুম্বই লিগে। তিনি বলেছেন, “দুটো দিন ছুটি নেব। তার পর মুম্বইয়ে স্থানীয় লিগে নামব। আমি তাকিয়ে আছি ওই লিগের দিকে। ধারাবাহিক ভাবে ক্রিকেট খেলতে খুবই ভালবাসি। দু’দিন বিশ্রাম নিয়েই ক্রিকেটে ফিরব।”

Advertisement
আরও পড়ুন