সানরাইজার্স হায়দরাবাদ দল। ছবি: সমাজমাধ্যম।
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কলকাতার। সেই ম্যাচের আগে বাড়তি সুবিধা পেল কেকেআর। চোটের কারণে হায়দরাবাদের হয়ে খেলতে পারবেন না বিদেশি পেসার। এ দিকে, পিচ নিয়ে জল্পনা চলছে ম্যাচের আগের দিনও।
কেকেআর ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছেন হায়দরাবাদের পেসার ব্রাইডন কার্স। তিনি বৃহস্পতিবার খেলতে পারবেন না। হায়দরাবাদের কোচ ড্যানিয়েল ভেট্টোরি বলেছেন, “বৃহস্পতিবার কার্সের খেলার সম্ভাবনা নেই। হাতের চোট এখনও সারেনি ওর। তবে শেষ মিনিট পর্যন্ত পরিস্থিতি দেখে তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
কেকেআরের হাতেও একাধিক পেসার নেই। তবে সুনীল নারাইন এবং বরুণ চক্রবর্তী— এই দুই পেসারের থেকে দলকে সাবধান থাকতে হবে বলে মনে করেন ভেট্টোরি। বলেছেন, “কেকেআরের স্পিনারদের সমীহ করি আমি। ওরা দু’জন দল এবং দেশের হয়ে যা খেলেছে তাতে হালকা ভাবে নেওয়ার প্রশ্নই নেই। নিজেদের খারাপ দিনেও ওরা ম্যাচ শেষ করে দিতে পারে।”
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচ যে পিচে খেলা হয়েছিল সেই পিচের কলকাতা-হায়দরাবাদ ম্যাচ হতে পারে। সেই ম্যাচে শতরান করা ফিন অ্যালেন কেকেআর দলে। পিচ থেকে কেকেআরের স্পিনারদের সাহায্য করার কথা। অবশ্য ভেট্টোরি তা মনে করেন না। বলেছেন, “পিচে অনেক ঘাস রয়েছে। যা ভেবেছিলাম তার চেয়েও বেশি। গত কয়েক বছরি ইডেনের পিচে প্রচুর রান উঠছে। মনে হয় কালকের ম্যাচেও প্রচুর রান হবে।”