IPL 2026

কতটা দূরত্ব তৈরি হয়েছে দু’ভাইয়ের মধ্যে? হার্দিকের সঙ্গে সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন দাদা ক্রুণাল

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে হার্দিক পাণ্ড্য আউট হওয়ার পর ক্রুণাল পাণ্ড্যের উচ্ছ্বাস চোখে লেগেছিল ক্রিকেটপ্রেমীদের। ভাইয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন আরসিবি অলরাউন্ডার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৮:১৩
picture of cricket

(বাঁ দিকে) হার্দিক পাণ্ড্য এবং ক্রুণাল পাণ্ড্য (ডান দিকে)। ছবি: ইনস্টাগ্রাম।

দু’ভাইয়ের সঙ্গে সম্পর্কে কি ভাঙন ধরেছে? হার্দিক পাণ্ড্য এবং ক্রুণাল পাণ্ড্যের সম্পর্ক নিয়ে বেশ কিছু দিন ধরে চলছে জল্পনা। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে হার্দিক আউট হওয়ার পর ক্রুণালের উচ্ছ্বাস জল্পনা আরও বাড়ায়। তা নিয়ে মুখ খুলেছেন দাদা ক্রুণাল।

Advertisement

এক সময় জাতীয় দল এবং আইপিএলে একসঙ্গে খেলতেন দু’ভাই। হার্দিক এখনও ভারতীয় দলের সদস্য হলেও ক্রুণাল আর সুযোগ পান না। আইপিএলেও গত কয়েক বছর তাঁরা আলাদা আলাদা দলে খেলছেন। একসঙ্গে এখন খেলেন শুধু বদোডরার হয়ে। সম্প্রতি আরসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রুণাল বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

ক্রুণালকে প্রশ্ন করা হয়, ‘‘ভাইয়ের সঙ্গে সব ঠিকঠাক আছে, নাকি ঝগড়া চলছে।’’ প্রশ্ন শুনে হো হো করে হেসে উঠেছেন ক্রুণাল। তাঁকে আবার খোঁচা দিয়ে বলা হয়, ঝগড়া তো হতেই পারে। এ বার ক্রুণাল হাসতে হাসতে বলেছেন, ‘‘না না, সব ঠিক আছে।’’ এর পরও ছাড়েননি প্রশ্নকর্তা দানিশ সাইত। তিনি বলেন, ‘‘গত বছরও তোমাকে আরসিবির পডকাস্টে ডেকেছিলাম। অথচ তুমি আসতে চাওনি।’’ এর উত্তরে ক্রুণাল হাসি মুখে বলেছেন, ‘‘তখনও আমি আরসিবি পরিবারের সঙ্গেই ছিলাম।’’ এর পর দানিশ চেপে ধরে বলেন, ‘‘আরসিবি পরিবারে থেকেও তুমি সেই পরিবারের একজন সদস্যের সঙ্গে দেখা করতে পারলে না!’’ এ বার কিছুটা ভাঙেন ক্রুণাল। অলরাউন্ডার বলেন, ‘‘তুমি আরসিবি পরিবারের সঙ্গে থাকলেও কারও অভাব অনুভব করতে পার। কিছু বিষয়ের অভাব বোধ করতে পার।’’ সঙ্গে সঙ্গে দানিশ বলে ওঠেন, ‘‘যেমন তোমার ভাই।’’ এর পর দু’জনেই হেসে ওঠেন। এর পর কেউ আর কথা বাড়াননি।

ভাইয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে ক্রুণাল সরাসরি কোনও মন্তব্য করেননি। আবার হার্দিকের নামও উচ্চারণ করেননি। পুরো বিষয়টিকে হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তবে একটা আক্ষেপের সুর রয়েছে তাঁর শেষ মন্তব্যে। তাতেই ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন, সব কিছু আগের মতো নেই। পাণ্ড্য পরিবারে কোথাও একটা দূরত্ব তৈরি হয়েছে।

Advertisement
আরও পড়ুন