Mohammad Rizwan

‘দেশে ঢুকতে পারবে না!’ পাকিস্তানের রিজ়ওয়ানকে স্লেজিং বাংলাদেশের লিটনের, আর কী বললেন?

পাকিস্তানের হার বাঁচানোর জন্য মন্থর ব্যাটিং করছিলেন মহম্মদ রিজ়ওয়ান। উইকেট বাঁচিয়ে খেলার চেষ্টা করছিলেন। ঝুঁকি না নিয়ে ব্যাট করাই লক্ষ্য ছিল তাঁর। সেই সময় খোঁচা দেন লিটন দাস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৯:৪৩
picture of cricket

মহম্মদ রিজ়ওয়ান। ছবি: এক্স।

বাংলাদেশের কাছে প্রথম টেস্টে ১০৪ রানে হেরেছে পাকিস্তান। এই নিয়ে বাংলাদেশের কাছে টানা তিনটি টেস্ট হারতে হল প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের। এই হারের পাশাপাশি পাক শিবিরের লজ্জা বাড়িয়েছে মহম্মদ রিজ়ওয়ানকে করা লিটন দাসের স্লেজিং। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা রিজ়ওয়ানকে চাপে রাখার জন্য নানা মন্তব্য করেন বাংলাদেশের উইকেটরক্ষক।

Advertisement

রিজওয়ান যাতে না বুঝতে পারেন, তার জন্য হিন্দি, উর্দু বা ইংরেজিতে নয়, বাংলাতেই নানা মন্তব্য করেছেন লিটন। পাকিস্তানের উইকেটরক্ষককে খোঁচা দিয়ে বলেছেন, ‘‘ও আর দেশে ফিরতে পারবে না।’’ সেই সময়কার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও।

ম্যাচের চতুর্থ ইনিংসে জয়ের জন্য ২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে পাকিস্তান। বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে একের পর এক পাক ব্যাটার আউট হয়ে যান। দলের রান যখন ৫ উইকেটে ১৩৯ রান, তখন মন্থর ব্যাটিং করছিলেন রিজ়ওয়ান। উইকেট বাঁচিয়ে খেলার চেষ্টা করছিলেন। ঝুঁকি না নিয়ে দলের হার বাঁচানোই লক্ষ্য ছিল তাঁর। সেই সময় বোলার তাইজুল ইসলামকে কিছু বলতে দেখা যায় লিটনকে। ভাইরাল হওয়া ভিডিয়োয় শোনা গিয়েছে তাঁর কথা। লিটন বলেন, ‘‘ও দেশে (পাকিস্তান) ওর ভাবমূর্তি এমনিই খুব খারাপ। এখন ম্যাচ বাঁচানোর জন্য খেলবে। কোনও সুযোগ নেই। এখন যদি মারতে গিয়ে আউট হয়, তা হলে দেশেই ঢুকতে পারবে না। আরে ওর রেপুটেশন খুব খারাপ।’’

ধরে খেলেও রিজ়ওয়ান দলকে বাঁচাতে পারেননি। রান পাননি নিজেও। ৪৬ বল খেলে ১৫ রান করেন। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসও ৫২.৫ ওভারে ১৬৩ রানে শেষ হয়ে যায়। মিরপুর টেস্ট জিতে দু’ম্যাচের সিরিজ়ে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে নাজমুল হোসেন শান্তের দল।

Advertisement
আরও পড়ুন