হার্দিক পাণ্ড্য। ছবি: পিটিআই।
পর পর হার মানতে পারছেন না হার্দিক পাণ্ড্য। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরেছে দল। হারের হ্যাটট্রিক হয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নদের। দলের এই পারফরম্যান্সে ক্ষুব্ধ হার্দিক। বিরাট কোহলিদের কাছে হারের পর সতীর্থদের দু’টি বিকল্প দিয়েছেন মুম্বইয়ের অধিনায়ক। পাশাপাশি দলে বদলের ইঙ্গিতও দিয়েছেন তিনি।
রবিবার খেলা শেষে সাজঘরে রোহিত শর্মাদের সঙ্গে কথা বলেন হার্দিক। তিনি জানিয়ে দেন, দু’টি বিকল্প রয়েছে তাঁদের সামনে। হার্দিক বলেন, “আমার মনে হয়, আমাদের সামনে দুটো বিকল্প আছে। এক, আমরা হোটেলে যে যার ঘরে ফিরে যাই। ভাবি, কী ভাবে এখান থেকে ফিরব। জানি, এটা কঠিন। কিন্তু হতাশ হলে হবে না। হয় তুমি জিতবে, না হলে শিখবে। হারার কোনও জায়গা নেই। দুই, হোটেলে ফিরে একসঙ্গে খেতে বসি। ক্রিকেট নিয়ে কথা বলি। অন্য কিছু নিয়েও বলতে পারি। এই চাপ মাথা থেকে সরাই। একটা দল হিসাবে প্রত্যাবর্তন করি।”
বেঙ্গালুরুর কাছে হারের পর দলের বোলিং নিয়ে ক্ষুব্ধ হার্দিক। তিনি বলেন, “আমরা অনেক রান দিয়েছি। ২৪১ রান করা খুবই কঠিন। গত কয়েকটা ম্যাচে আমাদের বোলিং ভাল হয়নি। আমরা ম্যাচে দাপট দেখাইনি। প্রতিপক্ষের পিছনে ধাওয়া করে গিয়েছি।” অবশ্য ব্যাটারদেরও রেয়াত করেননি হার্দিক। তিনি বলেন, “ব্যাটিংও খুব একটা ভাল হয়নি। এই ম্যাচে পর পর উইকেট হারিয়েছি। শেষ দিকে রাদারফোর্ড চেষ্টা করেছে। তবে তত ক্ষণে আমরা লড়াই থেকে বেরিয়ে গিয়েছি।”
এই পরিস্থিতিতে দলে বদলের ইঙ্গিত দিয়েছেন হার্দিক। বৃহস্পতিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই। তার আগে সমস্যা মেটাতে হবে। হার্দিক বলেন, “হাতে কয়েকটা দিন সময় আছে। আমাদের অনেক কিছু ভাবতে হবে। এ ভাবে হবে না। আমাদের ভাবতে হবে কী কী বদল করা যেতে পারে। আমাদের হাতে বিকল্প আছে। সেগুলো কাজে লাগাতে হবে। উইকেট দেখে সেই অনুযায়ী দল নামাতে হবে। কিন্তু ব্যাট-বল ভাল না হলে কোনও বদল করেই কিছু হবে না। সবার আগে সেটা ভাল করতে হবে।”
মুম্বইয়ের বোলিং আক্রমণের বড় ভরসা জসপ্রীত বুমরাহ চার ম্যাচে ব্যর্থ। একটিও উইকেট পাননি তিনি। ট্রেন্ট বোল্টের ধার কমেছে। স্পিনারেরাও ভরসা দিতে পারছেন না। একমাত্র শার্দূল ঠাকুরকে দেখে মনে হচ্ছে, পরিকল্পনা করে বল করছেন। ব্যাটিং আক্রমণেও মিডল অর্ডার সমস্যায় ফেলছে। সূর্যকুমার যাদব একটি ম্যাচে বড় রান পেয়েছেন। তিলক বর্মা লাগাতার ব্যর্থ। ফলে মাঝের ওভারে চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে দলে কী কী বদল হার্দিকেরা করেন, সে দিকেই তাকিয়ে মুম্বইয়ের সমর্থকেরা।