IPL 2026

‘অনেক দলবদল হয়েছে, মুম্বইয়েই কেরিয়ার শেষ কোরো!’ কেকেআরকে হারিয়ে সতীর্থকে আর্জি হার্দিকের, পেলেন জবাবও

কেকেআরের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন শার্দূল ঠাকুর। খেলা শেষে সেই শার্দূলকে এক বিশেষ অনুরোধ করেছেন হার্দিক পাণ্ড্য। অধিনায়ককে জবাবও দিয়েছেন শার্দূল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৩:৫৬
cricket

হার্দিক পাণ্ড্য। ছবি: পিটিআই।

পুরনো জার্সিতে ফিরে আবার নজর কেড়েছেন শার্দূল ঠাকুর। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ফিন অ্যালেন, অজিঙ্ক রাহানে ও ক্যামেরন গ্রিনের উইকেট নিয়েছেন। তিনি না থাকলে হয়তো ২৫০ রান করত কেকেআর। সেই কারণে ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন শার্দূল। খেলা শেষে সেই শার্দূলকে এক বিশেষ অনুরোধ করলেন হার্দিক পাণ্ড্য। অধিনায়ককে জবাবও দিয়েছেন শার্দূল।

Advertisement

গত বার লখনউ সুপার জায়ান্টসে খেলেছেন শার্দূল। তার আগে খেলেছেন কেকেআরে। হার্দিকের আর্জি, আর দলবদলের প্রয়োজন নেই। খেলা শেষে হার্দিক বলেন, “আমি ওকে বলেছি, অনেক দলবদল হয়েছে। আমি চাই তুমি মুম্বইয়েই কেরিয়ার শেষ করো। ও ভয় পায় না। সব সময় ব্যাটারকে বোকা বানানোর চেষ্টা করে। দুর্দান্ত ক্রিকেটার। আমি শার্দূলের জন্য খুব খুশি।”

অধিনায়ককে জবাবও দিয়েছেন শার্দূল। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে তিনি বলেন, “এখানে থাকতে পারলে আমার খুব ভাল লাগবে। মুম্বই আমার শহর। আমার জন্য সকলে গলা ফাটান। মুম্বই ইন্ডিয়ান্সকে ধন্যবাদ আমাকে লখনউ থেকে নিয়ে প্রথম ম্যাচেই সুযোগ দেওয়ার জন্য।”

শার্দূলের মনে পড়ে যাচ্ছে ১৬ বছর আগের কথা। প্রথম বার নেট বোলার হয়ে মুম্বইয়ের শিবিরে আসার কথা। শার্দূল বলেন, “২০১০, ২০১১ ও ২০১২ সালে আমি এই দলে নেট বোলার ছিলাম। চুপচাপ বল করতাম। নিজের ছাপ ফেলার চেষ্টা করতাম। শেষ পর্যন্ত মুম্বইয়ে খেলেছি। খুব ভাল লাগছে।”

ওয়াংখেড়ের পিচকে হাতের তালুর মতো চেনেন শার্দূল। প্রথম ম্যাচেই সেটা দেখা গিয়েছে। তিনি জানতেন, বলের গতির হেরফের করতে হবে। যে তিন উইকেট তিনি নিয়েছেন, তিনটিই মন্থর বলে। বলের গতি বুঝতে না পেরে অ্যালেন, রাহানে, গ্রিন আউট হয়েছেন। ফলে প্রথমে যে স্কোর ২৫০ পর্যন্ত যাবে মনে হচ্ছিল, তা ২২০ রানেই আটকে গিয়েছে। সেটাই নির্ণায়ক হয়ে দাঁড়িয়েছে। ১৪ বছর পর প্রথম ম্যাচ জিতে আইপিএল শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement
আরও পড়ুন