(বাঁ দিকে) মহম্মদ আমির। ফাহিম আশরফ (ডান দিকে)। — ফাইল চিত্র।
পাকিস্তান সুপার লিগ আবার উত্তপ্ত হয়ে উঠল। একটি আউটকে কেন্দ্র করে দুই দলের দুই ক্রিকেটার ঝামেলায় জড়িয়ে পড়লেন। সেই ঝামেলা মেটাতে আসরে নামতে হল একটি দলের ক্রিকেটারদের।
বৃহস্পতিবার করাচিতে খেলা ছিল রাওয়ালপিন্ডি পিন্ডিজ় বনাম ইসলামাবাদ ইউনাইটেডের। ১৭তম ওভারের তৃতীয় বলে ইসলামাবাদের ফাহিমকে আউট করেন আমির। এর পরেই আগ্রাসী ভাবে ব্যাটারের সামনে গিয়ে উল্লাস করতে থাকেন তিনি। সেই আচরণ পছন্দ হয়নি ফাহিমের। তিনি পাল্টা ব্যাট নিয়ে তেড়ে যান আমিরের দিকে। উত্তেজিত ভাবে কিছু বলতে থাকেন। পাত্তা দিতে চাননি আমির।
যে ভাবে ব্যাট নিয়ে ফাহিম এগিয়ে যাচ্ছিলেন তাতে উত্তাপ আরও বাড়তে পারত। তা হতে দেননি পিন্ডিজ় দলের বাকি ক্রিকেটারেরা। দু’জনকে ফাহিমের হাত ধরে টেনে নিয়ে যান। তাঁকে সাজঘরের দিকে এগিয়ে দেন। বাকিরা আমিরকে ধরে রেখেছিলেন। আসরে নামেন আম্পায়ারেরাও। ফলে ঝামেলা বেশি দূর গড়ায়নি।
পিএসএলে পিন্ডিজ় অবশেষে তাদের জয়ের খরা কাটিয়েছে। টানা আটটি ম্যাচ হারের পর প্রথম বার জিতেছে তারা। ইসলামাবাদ ইউনাইটেডের তোলা ১৩৮ রান ৬ উইকেট হারিয়েই তুলে নিয়েছে পিন্ডিজ়। মহম্মদ রিজ়ওয়ান (৪৫) এবং কামরান গুলামের (৪২) ৭৮ রানের জুটি দলকে জিতিয়েছে।