Mohun Bagan Super Giant

শনিবার শুরু আইএসএল, প্রস্তুতি সত্ত্বেও নিজেদের এগিয়ে রাখছেন না মোহনবাগান কোচ, লক্ষ্য শীর্ষে শেষ করা

বাধা-বিপত্তি কাটিয়ে শনিবার থেকে শুরু হতে চলেছে আইএসএল। প্রথম ম্যাচেই নামছে মোহনবাগান। প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। মোহনবাগান কোচ স্পষ্ট করে দিয়েছেন, প্রস্তুতি যতই থাক, বাকি দলগুলির থেকে নিজেদের এগিয়ে রাখতে চান না তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৮
football

মোহনবাগানের অনুশীলনের একটি মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।

এই মরসুমে আইএসএল হবে কি না, সেটা নিয়েই দীর্ঘ সময় জল্পনা ছিল। সব বাধা-বিপত্তি কাটিয়ে শনিবার থেকে শুরু হতে চলেছে প্রতিযোগিতা। প্রথম ম্যাচেই নামছে মোহনবাগান। প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। গত বারের ‘ডাবল’জয়ী দল এ বার নতুন কোচের অধীনে খেলবে। হোসে মোলিনার জায়গায় এসেছেন সের্জিয়ো লোবেরা। কেরল ম্যাচের আগে তিনি স্পষ্ট করে দিয়েছেন, প্রস্তুতি যতই থাক, বাকি দলগুলির থেকে নিজেদের এগিয়ে রাখতে চান না তাঁরা। এক পর্বের লিগে শীর্ষে শেষ করাই যে তাঁদের লক্ষ্য সেটা স্পষ্ট করে দিয়েছেন।

Advertisement

এ দিন লোবেরা বলেন, “শুনছি যে অনেকেই আমাদের এগিয়ে রাখছেন। আমরাই নাকি ট্রফি জেতার দাবিদার। এটা ঠিক যে আমাদের হাতে শক্তিশালী দল রয়েছে। কিন্তু মাঠে নেমে সেটা প্রমাণ করতে হবে। ক্লাব পেশাদারদের মতো কাজ করেছে। দলটা একই রেখে দিয়েছে। প্রস্তুতির সুযোগ করে দিয়েছে। এটা সুবিধা তো বটেই। বাকিদের থেকে একটু সুবিধা আমরা পেয়েছি। এই ক্লাবের কোচ হতে পেরে আমি গর্বিত। যদি একটুও সুবিধা পাই সেটা ক্লাব কর্তৃপক্ষের প্রাপ্য।”

দীর্ঘ অপেক্ষার পর আইএসএল শুরু হওয়া তাঁদের কাছে টাটকা বাতাসের মতো, মেনে নিয়েছেন লোবেরা। বলেছেন, “এখন আর কোনও অজুহাত দিলে চলবে না। প্রস্তুতি ভাল হয়েছে। হাতে ভাল ফুটবলার রয়েছে। আমরা আত্মবিশ্বাসী এবং প্রথম ম্যাচের জন্য তৈরি। অনেক দিন ধরে এই দিনটার অপেক্ষা করছিলাম। ফলে সকলেই উত্তেজিত। অনেক দিন পর সমর্থকদের সামনে খেলতে পারব।”

আইএসএল শেষ হওয়ার পর মোহনবাগান সুপার কাপ খেলেছে। আইএফএ শিল্ডেও অংশ নিয়েছে। তবে অতীত সাফল্যের কথা মনে রাখতে চান না লোবেরা। সম্পূর্ণ নতুন ভাবে নতুন মরসুম শুরু করতে চান। লোবেরা বলেছেন, “সুপার কাপে খেলা কোনও সুবিধা হতে পারে না। আমরা শূন্য থেকে শুরু করছি। আমার দর্শনের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে গোটা দলকে। তাই কাজটা সকলের কাছেই কঠিন।”

এ বার প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে এক বারই খেলবে। লোবেরা স্পষ্ট করে দিয়েছেন, প্রথম ম্যাচ থেকেই লিগ শীর্ষে থাকার লক্ষ্য নিয়ে নামবেন। বলেছেন, “শীর্ষে থাকলে তবেই তো আপনি সেরা দল। গত বার মোহনবাগান ‘ডাবল’ জিতেছে। আমি মুম্বই সিটির হয়ে ‘ডাবল’ জিতেছি। তবু বলব, সবার আগে শেষ করাই আসল। লিগে সকলের আগে থাকতে হবে।”

লোবেরার পাশেই ছিলেন দিমিত্রি পেত্রাতোস। মোলিনার আমলে দলের বাইরে থাকা অস্ট্রেলীয় ফুটবলার এখন অনেক আত্মবিশ্বাসী। বললেন, “নতুন কোচ আমাকে অনেক ভরসা দিয়েছেন। সে কারণেই রোজ অনুশীলনে আমাদের সেরাটা দিয়েছি। খুব ভাল কোচের পাশাপাশি অসাধারণ ফুটবলারেরাও রয়েছেন আমাদের দলে। প্রথম একাদশে কেউ না থাকলে সে দলকে বাইরে থেকে সমর্থন করবে। আমি নিজে খেলার জন্য মুখিয়ে রয়েছি।”

অপেক্ষার পর এ বার মাঠে নিজের সেরাটা দিতে চান পেত্রাতোস। বলেছেন, “অনেকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছি। এ বার আসল সময় এসে গিয়েছে। ভাল-মন্দ নিয়েই চলতে হবে। এখন আমরা শুধু বর্তমান নিয়েই ভাবছি। পেশাদার হিসেবে আমাকে সব পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকতে হবে। এখন আমরা শুধু খেলা নিয়েই ভাবছি।”

Advertisement
আরও পড়ুন