IPL 2026

বৃহস্পতিবারই কি আইপিএলে খেলবেন ধোনি? মুম্বই ম্যাচের আগে অনুশীলনে পরিশ্রম মাহির, জল্পনা রোহিতকে নিয়েও

আইপিএলে চেন্নাই বনাম মুম্বই দ্বৈরথ বরাবরই উত্তেজনা তৈরি করে। তা অন্য মাত্রা পায় মহেন্দ্র সিংহ ধোনি বনাম রোহিত শর্মার জন্য। তবে বৃহস্পতিবারের লড়াইয়ে এই দু’জনকে দেখা যাবে কি না তা এখনও নিশ্চিত নয়। কেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ২১:৪৬
cricket

মহেন্দ্র সিংহ ধোনি (বাঁ দিকে) এবং রোহিত শর্মা। — ফাইল চিত্র।

আইপিএলে চেন্নাই বনাম মুম্বই দ্বৈরথ বরাবরই উত্তেজনা তৈরি করে। তা অন্য মাত্রা পায় মহেন্দ্র সিংহ ধোনি বনাম রোহিত শর্মার জন্য। তবে বৃহস্পতিবারের লড়াইয়ে এই দু’জনকে দেখা যাবে কি না তা এখনও নিশ্চিত নয়। চোটের জন্য ধোনি একটি ম্যাচেও নামেননি। রোহিতও গত দু’টি ম্যাচে খেলেননি।

Advertisement

বুধবার ওয়ানখেডে স্টেডিয়ামে দীর্ঘ ক্ষণ কঠোর অনুশীলন করতে দেখা গিয়েছে ধোনিকে। উইকেটকিপিংয়ের পাশাপাশি ব্যাটও করেছেন তিনি। ৪০ মিনিট উইকেটকিপিং করেছেন। ধোনির সামনে ব্যাট করেছেন সরফরাজ় খান এবং উর্বিল পটেল।

ইতিবাচক ইঙ্গিত সত্ত্বেও চেন্নাই তাঁকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ। বিশেষ করে তাদের হাতে সঞ্জু এবং উর্বিলের মতো উইকেটকিপার থাকায়। ধোনি সম্পূর্ণ ফিট হলে তবেই তাঁকে ফেরানো হবে বলে জানা গিয়েছে দলের সূত্রে। এমনকি ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মুম্বই ম্যাচের আগে চেন্নাইয়ের বোলিং কোচ এরিক সিমন্স বলেছেন, “ধোনি খেলবে কি না সেই সিদ্ধান্ত বৃহস্পতিবার ও নিজেই নেবে। তৈরি থাকলে তবেই খেলবে।”

অন্য দিকে, রোহিতকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ মুম্বইও। তারা জানিয়েছে, রোহিতকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ম্যাচের ঠিক আগে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, চেন্নাইয়ের বিরুদ্ধে রোহিতের নজিরের কথা মাথায় রেখে তাঁকে খেলানো হতে পারে।

Advertisement
আরও পড়ুন