বাবর আজ়ম। —ফাইল চিত্র।
ইংল্যান্ডের কাছে পাকিস্তানের হারের দায় বাবর আজ়মদের উপর চাপিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। স্পষ্ট করে দিয়েছিলেন, মাঝের ওভারে ব্যাটারদের ব্যর্থতার খেসারত দিতে হয়েছে তাঁদের। এ বার নিজের পরিবারের কাছেই সমালোচিত হচ্ছেন বাবর। ইংল্যান্ডের বিরুদ্ধে ঠুকঠুক ব্যাটিংয়ের জন্য তাঁকে নিশানা করেছেন নিজের ভাইও।
ইংল্যান্ডের বিরুদ্ধে ২৪ বল খেলে ২৫ রান করেছেন বাবর। মেরেছেন মাত্র দু’টি চার। এই ইনিংসের পর তাঁর তুতো ভাই উমর আকমল তাঁকে খোঁচা মেরেছেন। উমর নিজেও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ছিলেন। পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট, ১২ এক দিন ও ৮৪ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
উমর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দু’জনের দু’টি ইনিংসের ছবি দিয়েছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, ইংল্যান্ডের ম্যাচে বাবর যখন নামছেন তখনকার স্কোর ও বাবর যখন আউট হচ্ছেন তখন পাকিস্তানের রান। অপর ছবিতে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন উমর নামছেন তখন দলের স্কোর ও তিনি যখন আউট হচ্ছেন, তখন দলের রান।
ইংল্যান্ডের বিরুদ্ধে বাবর যখন ব্যাট করতে নামেন তখন দলের রান ছিল ২ উইকেটে ৩২। বাবর যখন আউট হয়ে ফিরছেন তখন দলের রান ৩ উইকেটে ৭৩। বাবর ২৪ বলে ২৫ রান করে আউট হয়েছেন। অন্য দিকে উমর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন ব্যাট করতে নেমেছিলেন তখন পাকিস্তানের রান ছিল ২ উইকেটে ২৫। তিনি যখন আউট হয়ে ফিরেছিলেন তখন দলের রান ছিল ৫ উইকেটে ১৮০। উমর ৫৪ বলে ৯৪ রানের ইনিংস খেলেছিলেন। তাঁর সেই ইনিংসে ভর করে ১৯১ রান করেছিল পাকিস্তান। ১৬ রানে জিতেছিল তারা। ম্যাচের সেরা হয়েছিলেন উমর।
উমর কোনও কথা বলেননি। কিন্তু বাবরকে তিনি বুঝিয়ে দিয়েছেন, দায়িত্ব নিয়ে খেলা কাকে বলে। বাবরের মতো অভিজ্ঞ ক্রিকেটার যদি গুরুত্বপূর্ণ ম্যাচে রান না পান, তা হলে আর কবে পাবেন। এত দিন প্রাক্তন ক্রিকেটার ও পাকিস্তানের সমর্থকেরা খোঁচা মারছিলেন বাবরকে। এ বার সতীর্থ ও তার পর নিজের তুতো ভাইয়ের কাছেই সমালোচিত হলে পাক ব্যাটার।