ICC T20 World Cup 2026

ভারতের কাছে হারের ধাক্কা! পাক অধিনায়ক গুলিয়ে ফেললেন বিশ্বকাপের সূচি, সুপার এইট-কে সুপার ফোর বলে দিলেন সলমন

ভারতের কাছে ৬১ রানে হারতে হয়েছে পাকিস্তানকে। লজ্জার হারের ধাক্কা কি সামলাতে পারেননি সলমন আলি আঘা? ম্যাচ শেষে ভুল করলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৭
cricket

সলমন আলি আঘা। ছবি: পিটিআই।

ভারতের কাছে হারের ধাক্কা কি সামলাতে পারেননি সলমন আলি আঘা? নইলে কেন খেলাশেষে এত বড় ভুল করবেন তিনি? রবিবার কলম্বোর মাঠে পাকিস্তানকে ৬১ রানে হারিয়েছে ভারত। খেলা শেষে বিশ্বকাপের সূচিই গুলিয়ে ফেললেন সলমন। সুপার এইটকে সুপার ফোর বলে দিলেন পাকিস্তানের অধিনায়ক।

Advertisement

ভারতের কাছে হেরে গ্রুপ পর্বে তিন নম্বরে নেমে গিয়েছে পাকিস্তান। তবে সুপার এইটে ওঠার সুযোগ এখনও তাদের হাতেই রয়েছে। তার জন্য গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়াকে হারাতে হবে। সেটাই বলতে চাইছিলেন সলমন। তিনি বলেন, “দু’দিন পর আরও একটা ম্যাচ আছে। আপাতত সে দিকেই তাকাচ্ছি। ওই ম্যাচটা জিতে সুপার ফোরে উঠতে চাই। তার পর থেকে আবার নতুন প্রতিযোগিতা শুরু হবে।” নামিবিয়াকে হারালে পাকিস্তান সুপার এইটে জিতবে। সেখান থেকে চারটি দল সেমিফাইনালে উঠবে। সুপার ফোর বলে কোনও পর্যায় বিশ্বকাপে নেই। কিন্তু বলতে গিয়ে সেই ভুলই করে ফেললেন সলমন। তাঁর এই বক্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল।

এই ম্যাচে ভারতের বিরুদ্ধে ছয় স্পিনার খেলিয়েছে পাকিস্তান। ২০ ওভারের মধ্যে ১৮ ওভার স্পিনারেরা করেন। কিন্তু শ্রীলঙ্কার মাটিতে তাঁরা যে রকম দাপট দেখাবেন বলে আশা করা গিয়েছিল, তা হয়নি। স্পিনারদের দিনটা ভাল ছিল না বলেই মনে করেন সলমন। তিনি বলেন, “আমাদের স্পিনারদের দিন ছিল না। কিছু কিছু ক্ষেত্রে পরিকল্পনা কাজে লাগাতে পারিনি। গত ছ’মাস ধরে স্পিনারেরা ভাল ছন্দে রয়েছে। কিন্তু এই ম্যাচে হল না।”

১৭৬ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-র মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। সেখান থেকে আর ফিরতে পারেনি তারা। শুরুতেই পর পর উইকেট হারানোয় তাঁদের হারতে হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক। সলমন বলেন, “পাওয়ার প্লে-তে অনেক উইকেট পড়ে গেল। প্রথম ইনিংসে পিচ অনেক কঠিন ছিল। সেখানে আমাদের ভাল বল করা উচিত ছিল। দ্বিতীয় ইনিংসে এই পিচে ব্যাট করা তুলনামূলক ভাবে সহজ ছিল। কিন্তু আমরা পারলাম না। চাপ সামলাতে পারলাম না।”

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই স্নায়ু ও আবেগের লড়াই। মাঠে নেমে যে দল এই দুই বিষয় সামলাতে পারে তারাই বাজিমাত করে। গত কয়েক বছরে বার বার ভারতের সামনে নিজেদের উপর চাপ নিজেরাই বাড়িয়ে ফেলেছে পাকিস্তান। রবিবার আবার তা দেখা গিয়েছে। সলমন স্বীকার করে নিয়েছেন, চাপ সামলাতে না পারার কারণেই হারতে হয়েছে তাঁদের।

Advertisement
আরও পড়ুন