Pakistan Cricket

বাংলাদেশে ভাল খেলা রিজ়ওয়ান বাদ, নেতৃত্বে ব্যর্থ শাহিন! ফিরলেন বাবর-শাদাব-নাসিম, পাকিস্তানের এক দিনের দল নির্বাচনে নাটক

আগামী ৩০ মে থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়। ঘরের মাঠে এই সিরিজ়ের জন্য ১৬ জনের দল নির্বাচন করেছেন পাকিস্তানের নির্বাচকেরা। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৬:৩৩
picture of cricket

শাহিন আফ্রিদি। —ফাইল চিত্র।

পাকিস্তানের ক্রিকেটে নাটক চলছেই। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দলে রাখা হল না মহম্মদ রিজ়ওয়ানকে। তবে বাবর আজ়মকে ফেরানো হয়েছে। দলে ফেরানো হয়েছে জোরে বোলার নাসিম শাহকেও। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ব্যর্থ শাহিন আফ্রিদিকেই এক দিনের দলের নেতৃত্বে রাখা হয়েছে।

Advertisement

আগামী ৩০ মে থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়। ঘরের মাঠে এই সিরিজ়ের জন্য ১৬ জনের দল নির্বাচন করেছেন পাকিস্তানের নির্বাচকেরা। বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ়ে চুনকাম হওয়ার পর এক দিনের সিরিজ়ের দল নির্বাচন ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। বাংলাদেশের মাটিতে পাকিস্তানের যে ক্রিকেটারেরা বলার মতো পারফরম্যান্স করেছেন, তাঁদের অন্যতম রিজ়ওয়ান। অথচ অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটারকে এক দিনের দলে রাখা হয়নি। ৫০ ওভারের ক্রিকেটে ফর্ম বিচার করেই রিজ়ওয়ানকে রাখা হয়নি বলে জানিয়েছেন পাক নির্বাচকেরা। উল্লেখ্য, গত মার্চে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে ৫৮ রান করেছিলেন রিজ়ওয়ান। যদিও গত এক বছরে ১৭টি এক দিনের ম্যাচে ৪৩.৭৬ গড়ে ৫৬৯ রান করেছেন। একটি শতরান এবং চারটি অর্ধশতরান করেছেন। গত এক বছরে এক দিনের ক্রিকেটে পাকিস্তানের অন্যতম সেরা পারফর্মারকে তিনটি ম্যাচের নিরিখে বাদ দেওয়া হয়েছে।

আবার মার্চে বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দলে জায়গা না পাওয়া বাবরকে এ বার রাখা হয়েছে। অথচ এই সময়ের মধ্যে বাবরের তেমন উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই। যদিও এক দিনের দল থেকে বাবর বাদ পড়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার জন্য। দলে নেওয়া হয়েছে মুহাম্মদ ঘাজ়ি, রোহাইল নাজ়িরের মতো তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে। নাজ়ির এই প্রথম পাকিস্তান দলে ডাক পেলেন। অসুস্থতার জন্য দলে নেই উসমান খান। শাহিনের নেতৃত্বে দলে ফেরানো হয়েছে নাসিম, শাদাব খান, সুফিয়ান মুকিমকে। তিন জনই ছিলেন না বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দলে। চোটের জন্য দলে নেই ফখর জ়ামান এবং সাইম আয়ুব। তাঁদের জায়গায় এসেছেন আহমেদ ড্যানিয়েল এবং আরাফত মিনহাস।

পাকিস্তান দল: শাহিন আফ্রিদি (অধিনায়ক), সলমন আলি আঘা (সহ-অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ ড্যানিয়েল, আরাফত মিনহাস, বাবর আজ়ম, হ্যারিস রউফ, মাজ় সাদাকত, নাসিম শাহ, মুহাম্মদ ঘাজ়ি (উইকেটরক্ষক), রোহাইল নাজ়ির (উইকেটরক্ষক), সহিবজ়াদা ফারহান, শাদাব খান, সুফিয়ান মোকিম এবং শামিল হুসেন।

Advertisement
আরও পড়ুন