ICC T20 World Cup 2026

বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব‍্যর্থ হলেও পাকিস্তান একেবারেই খারাপ খেলেনি! মন্তব‍্য পাক নির্বাচক আকিবের

প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনার জবাবে বিশ্বকাপে ভারতের কাছে হারের লজ্জার ইতিহাসের কথা বলেছিলেন শাদাব খান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সেই বিতর্ক উস্কে দিলেন আকিব জাভেদ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১৪:৩৭
picture of cricket

পাকিস্তান ক্রিকেট দল এবং আকিব জাভেদ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সলমন আলি আঘার দলের ব্যর্থতার ব্যাখ্যা দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ব্যাখ্যা দিতে গিয়ে পাকিস্তানের অন্যতম নির্বাচক আকিব জাভেদ তুলে ধরলেন বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ব্যর্থতার লজ্জার ইতিহাস। উস্কে দিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় শাদাব খানের তৈরি করা বিতর্ককে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স খারাপ নয় বলেই মনে করেন তিনি।

Advertisement

বিশ্বকাপের সময় ভারতের কাছে হার নিয়ে প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনার জবাব দিয়েছিলেন শাদাব। কটাক্ষের সুরে পাক অলরাউন্ডার বলেছিলেন, এখন যাঁরা টেলিভিশনে বা সমাজমাধ্যমে আমাদের সমালোচনা করছেন তাঁরাও কখনও বিশ্বকাপে ভারতকে হারাতে পারেননি। আমরা তা-ও এক বার হারিয়েছি। শাদাবের এই বক্তব্য ঘিরে পাকিস্তানের ক্রিকেটে তৈরি হয় বিতর্ক। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে বসে সেই বিতর্কই আবার উস্কে দিলেন প্রাক্তন স্পিনার।

পিসিবি দফতরে সংবাদমাধ্যমের সামনে সলমনের দলের ব্যর্থতা ব্যাখ্যা করেন পাক নির্বাচক। আকিব ছাড়াও ছিলেন মিসবা উল হক, সরফরাজ় আহমেদ এবং আসাদ শফিক। কথা প্রসঙ্গে আকিব মন্তব্য করেন, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ব্যর্থতার ইতিহাসকে অজুহাত করা উচিত নয় পাকিস্তানের। তিনি বলেন, ‘‘বিশ্বকাপে ভারতকে হারাতে না পারাটা কোনও অজুহাত হতে পারে না। ফলাফল ০-৮ বা যাই হোক। ১৯৭৫ থেকে ২০২৬ পর্যন্ত বিশ্বের সেরা অধিনায়কেরা ফলাফল বদলাতে পারেনি। ব্যাপারটা একপেশেই থেকে গিয়েছে। আমরা সুপার এইট পর্বের একটা ম্যাচ হেরেছি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যায়। তাই শ্রীলঙ্কাকে হারালেও লাভ হয়নি। আমরা নেট রান রেটের বিচারে ছিটকে যাই।’’

তিনি আরও বলেন, ‘‘সেমিফাইনালে ওঠার জন্য শ্রীলঙ্কাকে যে ব্যবধানে হারাতে হত, তা প্রায় অসম্ভব ছিল। আমরা শুধু একটাই ম্যাচ হেরেছি। তা-ও বড় ব্যবধান তৈরি হয়ে যায়। এটাকেই বিরাট বড় করে দেখানো হচ্ছে। অবশ্যই বিষয়টা বড়। তবে এতটাও বড় নয় যে আমাদের ক্রিকেট ধ্বংস হয়ে গিয়েছে বা বিশ্বের কোথাও আমরা আর লড়াই করতে পারব না।’’

প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনাকে বিশেষ গুরুত্ব দিতে চাননি পাকিস্তানের অন্যতম নির্বাচক। তিনি বলেছেন, ভারতের কাছে গ্রুপের ম্যাচ হারার জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানকে ছিটকে যেতে হয়নি। সেমিফাইনালে উঠতে না পারার কারণ ভিন্ন। বিষয়টাকে সে ভাবেই দেখা উচিত।

Advertisement
আরও পড়ুন