Misbah Ul Haq Controversy

দেশের নির্বাচক প্রধান হয়েও লিগে বাবরদের দায়িত্বে, পাক বোর্ডের কোর্টেই বল ঠেললেন মিসবাহ

আবার পাকিস্তানের ক্রিকেটে বিতর্ক। দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান মিসবাহ উল হক পাকিস্তান সুপার লিগেও এক দায়িত্বে রয়েছেন। বোর্ডের নির্দেশ অমান্য করেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৮:৩৯
cricket

মিসবাহ উল হক। —ফাইল চিত্র।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্দেশ অমান্য করেছেন মিসবাহ উল হক। বোর্ডের নির্দেশ, বোর্ডের দায়িত্বে থাকা কেউ পাকিস্তান সুপার লিগে কোনও দায়িত্বে থাকতে পারবেন না। কিন্তু দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান মিসবাহ পাকিস্তান সুপার লিগেও এক দায়িত্বে রয়েছেন। তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠতেই বোর্ডের কোর্টে বল ঠেলেছেন তিনি।

Advertisement

পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জ়ালমি দলের পরামর্শদাতার দায়িত্বে রয়েছেন মিসবাহ। সেই দলে খেলেন বাবর আজ়ম। পাকিস্তান সুপার লিগ শুরু হওয়ার আগে কোয়েত্তা গ্ল্যাডিয়েটর্স দলের দায়িত্বে ছিলেন সরফরাজ় আহমেদ ও ওয়াহাব রিয়াজ়। তাঁরা বোর্ডেও ছিলেন। তাই তাঁদের নির্দেশ দেওয়া হয়েছিল, কোয়েত্তার দল ছাড়তে হবে। সেই নির্দেশ মেনেছেন তাঁরা।

বোর্ড জানিয়ে দিয়েছে, তাদের নীতি অনুযায়ী, যে সব প্রাক্তন ক্রিকেটারেরা বোর্ডের কোনও না কোনও পদে রয়েছেন, তাঁদের পাকিস্তান সুপার লিগে কাজ করা যাবে না। সরফরাজ় ও ওয়াহাব সেই নির্দেশ মানলেও মিসবাহ কেন মানছেন না? এই প্রশ্ন করা হয়েছিল তাঁকে।

পেশোয়ার জ়ালমির জার্সি পরে সাংবাদিক বৈঠকে মিসবাহ বলেন, “আমি জাতীয় নির্বাচকের দায়িত্ব নেওয়ার আগে পেশোয়ারের সঙ্গে চুক্তি করেছিলাম। ওখানে আমি শুধু পরামর্শদাতার কাজ করি। মরসুমে নির্দিষ্ট কয়েকটা দিনেই আমাকে কাজ করতে হয়।” তিনি কি নিয়ম ভেঙেছেন? জবাবে মিসবাহ বলেন, “সেটা আমার থেকে ভাল পাকিস্তান ক্রিকেট বোর্ড বলতে পারবে। ওদেরকেই প্রশ্ন করুন।”

Advertisement
আরও পড়ুন