ICC T20 World Cup 2026

বিশ্বকাপে কোহলির গড়া রেকর্ড ভেঙে দিতে পারবেন? ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে উত্তর দিলেন পাকিস্তানের ফারহান

টি-টোয়েন্টি খেলা ছেড়ে দিলেও বিশ্বকাপে এখনও একটি নজির রয়েছে বিরাট কোহলির। সেই নজির কি এ বার ভেঙে দিতে পারবেন সাহিবজ়াদা ফারহান? মঙ্গলবার সুপার এইটে নামার আগে কী বললেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৯
cricket

(বাঁ দিকে) বিরাট কোহলি। সাহিবজ়াদা ফারহান (ডান দিকে)। — ফাইল চিত্র।

টি-টোয়েন্টি খেলা ছেড়ে দিলেও বিশ্বকাপে এখনও একটি নজির রয়েছে বিরাট কোহলির। একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার নজির রয়েছে তাঁর। সেই নজির কি এ বার ভেঙে দিতে পারবেন সাহিবজ়াদা ফারহান? মঙ্গলবার সুপার এইটে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে উত্তর দিলেন পাকিস্তানের ওপেনার।

Advertisement

২০১৯ সালে কোহলি একটি বিশ্বকাপে ৩১৯ রান করেছিলেন। ছয় ম্যাচে চারটি অর্ধশতরান-সহ তাঁর করা এই রান এখনও রেকর্ড। ফারহান এখনও পর্যন্ত ২২০ রান করে ফেলেছেন। এখনও অন্তত দু’টি ম্যাচ খেলবেন তিনি। ফলে সেই নজির ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে তাঁর কাছে।

ফারহান জানিয়েছেন, তিনি কখনওই রেকর্ডের কথা ভেবে খেলেন না। পাক ওপেনার বলেছেন, “যদি ব্যক্তিগত ভাবে আমাকে জিজ্ঞাসা করেন, তা হলে আমি কখনও পরিসংখ্যানের দিকে তাকিয়ে খেলি না। রেকর্ড আমার নজরে পড়ে না। আমি ভাল খেললে তখন অন্য লোকে এসে আমাকে বলে যে ক’টা ছয় মেরেছি, ক’টা বল খেলেছি বা কত রান করেছি। আমি নিজে ও সব দিকে তাকাই না।”

ফারবান আরও বলেছেন, “টি-টোয়েন্টিতে ঝুঁকি নিতেই হবে। রেকর্ড ভাঙার চাপ কখনোই নেওয়া উচিত নয়। কারণ সেই রেকর্ড অন্য কেউ অন্য কোনও দিন ভেঙে দেবে। তাই আমি ওদিকে নজর দিই না। আমি সবার উপরে শেষ করার চেষ্টা করব। তাতে পাকিস্তানেরই লাভ হবে। পাকিস্তানের নাম সবার উপরে থাকবে।”

Advertisement
আরও পড়ুন