ICC

একই টেস্টে লাল বলের পাশাপাশি খেলা হতে পারে গোলাপি বলেও! জলপানের বিরতিতে মাঠে ঢুকতে পারেন কোচ, জানাল আইসিসি

ক্রিকেট কমিটির তরফে যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা মেনে নিল আইসিসি। পরীক্ষামূলক ভাবে একই টেস্টে লাল এবং গোলাপি বলে খেলার নিয়ম চালু করা হয়েছে। তবে খারাপ আলোর কারণে খেলা ব্যাহত হলে তবেই দু’টি বলে খেলা যাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ২০:৩১
cricket

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ক্রিকেট কমিটির তরফে যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা মেনে নিল আইসিসি। পরীক্ষামূলক ভাবে একই টেস্টে লাল এবং গোলাপি বলে খেলার নিয়ম চালু করা হয়েছে। তবে খারাপ আলোর কারণে খেলা ব্যাহত হলে তবেই দু’টি বলে খেলা যাবে। সোমবার অহমদাবাদে আইসিসি-র বৈঠকের পর একথা জানানো হয়েছে। এই বৈঠকে ক্রিকেট কানাডাকে নিলম্বিত করার পাশাপাশি বাংলাদেশ বোর্ডের নির্বাচন খতিয়ে দেখার জন্য আইসিসি-র অতিথিদল পাঠানোর ঘোষণা করা হয়েছে।

Advertisement

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, খারাপ আলোর কারণে কোনও টেস্টের কোনও দিনের খেলা ব্যাহত হলে, দিনের আলো কমে আসার পর গোলাপি বলে ম্যাচ খেলা যাবে। তবে তার জন্য দুই দলকেই রাজি হতে হবে। লাল বলে ম্যাচ শুরু হবে। আলো কমে এলে ফ্লাডলাইট জ্বালিয়ে গোলাপি বলে খেলা চালানো যাবে।

ঠিক কী ভাবে কাজ করবে নিয়মটি?

টেস্টের একটি দিনে ৯০ ওভার বল করা হয়। ধরা যাক ৭৫ ওভার হওয়ার পর আলো খুবই কমে এল। তখনও ১৫ ওভার বাকি। সেই সময়ে ফ্লাডলাইট জ্বালিয়ে দুই দলের সম্মতির ভিত্তিতে গোলাপি বলে খেলা চালানো যেতে পারে। ভারতীয় ক্রিকেটারেরা এমনিতেই গোলাপি বলে বিশেষ খেলতে চান চান না। এই নিয়মের জেরে আচমকা লাল বল থেকে গোলাপি বলে খেলতে হলে ব্যাটারেরা অসুবিধায় পড়তে পারেন। তাই ভারতীয়েরা রাজি হবেন কি না তা নিয়ে প্রশ্ন থাকছে।

আইসিসি জানিয়েছে, টি-টোয়েন্টির মতো টেস্টেও জলপানের বিরতিতে কোচেরা মাঠে ঢুকে ক্রিকেটারদের সঙ্গে কৌশলগত আলোচনা করতে পারেন। এটাও জানানো হয়েছে, বোলার ছুড়ে বল করছেন কি না তা জানতে হক আইয়ের তথ্য ব্যবহার করা যাবে। সদস্যপদ নিয়ে নিয়মভঙ্গের জেরে আইসিসি-র সদস্য হিসাবে নিলম্বিত করা হয়েছে কানাডাকে।

আইসিসি জানিয়েছে, ২০২৭-এ মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফি জুন-জুলাইয়ের পরিবর্তে ১৪-২৮ ফেব্রুয়ারি আয়োজিত হবে। এমার্জিং নেশন্‌স ট্রফি হবে ১০ দলের। পাঁচটি পূর্ণ সদস্য দেশ এবং পাঁচটি সদস্য সহযোগী দেশ সেই প্রতিযোগিতায় খেলবে।

Advertisement
আরও পড়ুন