বৈভব সূর্যবংশী। ছবি: পিটিআই।
এ বারের আইপিএলে শুরু থেকেই নজর কেড়ে নিয়েছে বৈভব সূর্যবংশী। পাঁচ ম্যাচে ২০০ রান করে রয়েছে কমলা টুপির দৌড়ে। তবে রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতার বিরুদ্ধে শূন্য রান করলেও কোচের বকুনি খাবে না সে। ম্যাচের আগের দিন এ কথা জানালেন রাজস্থানের কোচ কুমার সঙ্গকারা। পাশাপাশি তিনি জানিয়েছেন, কলকাতাকে সমীহ করছে তাঁর দল।
আগের ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে শূন্য করেছিল বৈভব। গত বার ইডেনেও ভাল খেলতে পারেনি। তবে ১৫ বছরের ক্রিকেটারকে অতিরিক্ত চাপ দিতে নারাজ সঙ্গকারা। তিনি বলেছেন, “বৈভবকে আমি সহজ একটা বার্তা দিয়েছি, সব কিছু উপভোগ করো। ৩৫ বলে ১০০ হোক, ১৫ বলে ৫০ হোক বা প্রথম বলে শূন্য— তোমার যেমন রান করার অধিকার রয়েছে, তেমনই ব্যর্থ হওয়ারও অনুমতি রয়েছে। এটা ক্রিকেটেরই অংশ।”
বৈভবকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সঙ্গকারা। তিনি বলেছেন, “বৈভব একজন উত্তেজক ক্রিকেটার। লোকে ওর প্রতিভা নিয়ে অনেক কথা বলে। কিন্তু নেটে বৈভব কতটা পরিশ্রম করে সেটাও দেখা দরকার। ম্যাচের গতিপ্রকৃতি ভাল বুঝতে পারে। পরিস্থিতি অনুমান করে বোলারদের বিরুদ্ধে সে ভাবেই পরিকল্পনা করে।”
আইপিএলের শুরুতেই চেন্নাইয়ের বিরুদ্ধে ১৭ বলে ৫২ করেছিল বৈভব। মুম্বই ম্যাচে জসপ্রীত বুমরাহকে প্রথম বলেই ছক্কা মেরেছিল। বেঙ্গালুরুর বিরুদ্ধে জশ হেজ়লউডেরও একই অবস্থা হয়েছিল। সঙ্গকারার মতে, ব্যর্থতা থেকে ফেরার রাস্তা বৈভব নিজেই খুঁজে নেবে। সঙ্গকারার কথায়, “এখনকার দিনে টি-টোয়েন্টি ক্রিকেটের বৈশিষ্ট্যই হল আগ্রাসী খেলার ধরন। যত খেলবে তত বৈভব পুরোটা বুঝতে পারবে। ওর মতো ক্রিকেটারের ক্ষেত্রে যত কম বর্ণনা করা যায় ততই ভাল।”
রাজস্থানের প্রতিপক্ষ কলকাতা ছ’টি ম্যাচের একটিও জিততে পারেনি। তবু সমীহ করছেন সঙ্গকারা। বলেছেন, “আমরা কোনও দলকেই হালকা ভাবে নিইনি। মুখোমুখি সাক্ষাতে পরিসংখ্যানের গুরুত্ব নেই। কঠিন ম্যাচ হতে চলেছে। কলকাতা শক্তিশালী দল। আমরা নিজেদের ভাল খেলার দিকেই মনোযোগ দিচ্ছি। ২৪০ বল ধরে আমাদের মানসিকতা একই রকম থাকবে।”