IPL 2026

আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস

আইপিএল জেতার পর মাঠেই বৈভব সূর্যবংশীর সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। বৈভবকে কী বলেছিলেন কোহলি, তা জানাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ২০:৫১
cricket

আইপিএল জিতে বৈভব সূর্যবংশীর (বাঁ দিকে) সঙ্গে কথা বিরাট কোহলির। ছবি: এক্স।

আইপিএল ফাইনাল জেতার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটারদের উল্লাসের পাশাপাশি নজর কেড়ে নিয়েছিল একটি দৃশ্য। মাঠে বৈভব সূর্যবংশীকে ডেকে নিয়ে ঘাড়ে হাত দিয়ে তার সঙ্গে কথা বলছেন বিরাট কোহলি। ৪৩ সেকেন্ডের এই ভিডিয়ো ভাইরাল হয়েছিল। মাঠে কোহলি ঠিক কী বলেছিলেন বৈভবকে, তা এ বার জানাল বেঙ্গালুরু।

Advertisement

কোহলি ও বৈভবের সেই ভিডিয়ো পোস্ট করেছে বেঙ্গালুরু। সেখানে অবশ্য বৈভব শুধুই শ্রোতার ভূমিকায়। কোহলি তাকে ডেকে বলেন, “এখান থেকে আরও উঁচুতে যেতে হবে। যা হয়েছে তা কঠিন পরিশ্রম ও আত্মবিশ্বাসের জন্য হয়েছে। কে কী বলছে, কী ভাবে বলছে, তা শুনবে না। খালি তুমি আর তোমার ব্যাট। বাকি সব ভুলে যাও।”

বৈভব বিহারের ছেলে। সেখানকার একটি বহু ব্যবহৃত লাইন টেনে কোহলি বলেন, “একজন বিহারি সকলকে হারিয়ে দেবে। ব্যস, গল্প শেষ।” সে কথা শুনে হেসে ফেলে বৈভব। কোহলির কথা থেকে স্পষ্ট, বৈভবকে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আরও উন্নতি করতে বলেছেন। কোহলি জানেন, বৈভব আগামী দিনে ভারতীয় ক্রিকেটের মুখ হয়ে উঠতে পারে। তাই ১৫ বছরের ক্রিকেটারকে ভবিষ্যতের শিক্ষা দিয়েছেন তিনি।

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও এ বারের আইপিএল বৈভবের। ১৬ ম্যাচে ৭৭৬ রান করেছে সে। কোহলি-সহ সকলকে ছাপিয়ে জিতেছে কমলা টুপি। ৪৮.৫০ গড় ও ২৩৭.৩০ স্ট্রাইক রেটে একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান করেছে সে। তার মধ্যে তিনটি ৯০-এর ঘরে। আইপিএলের এক মরসুমে সবচেয়ে বেশি ছক্কার (৭২) রেকর্ডও গড়েছে বৈভব। ভেঙেছে ক্রিস গেলের নজির।

কমলা টুপি ছাড়াও এ বারের আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা, সবচেয়ে বেশি স্ট্রাইক রেট, সবচেয়ে মূল্যবান ক্রিকেটার ও সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটারের পুরস্কার পেয়েছে বৈভব। সেই কারণেই ফাইনালে মাঠে ছিল সে। চোখের সামনে দেখেছে, ফাইনালের চাপ সামলে কী ভাবে দলকে চ্যাম্পিয়ন করেছেন কোহলি। তার পরেই কোহলির পরামর্শও পেয়েছে বৈভব।

Advertisement
আরও পড়ুন